Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রাম স্টেশনে ইমারতি দ্রব্যের স্তূপ, হয়রান যাত্রীরা

মধ্যমগ্রাম স্টেশনে ইমারতি দ্রব্যের স্তূপ, হয়রান যাত্রীরা
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: যাত্রীদের ওঠানামার সুবিধার্থে মধ্যমগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজের গতি খুবই ‘শ্লথ’ বলে অভিযোগ যাত্রীদের। শুধু তাই নয়, কাজের জন্য প্ল্যাটফর্মে ফেলে রাখা হয়েছে বিভিন্ন ইমারতি সামগ্রী। এর জেরে সমস্যার মধ্যে পড়ছেন যাত্রীরা। বিষয়টি নিয়ে রেলদপ্তরে লিখিত অভিযোগও জমা পড়েছে। 

Advertisement

বারাসত-শিয়ালদহ শাখায় গুরুত্বপূর্ণ, জনবহুল স্টেশন বলে পরিচিত মধ্যমগ্রাম। প্রতিদিন অনেক যাত্রী এই স্টেশন থেকে শিয়ালদহ, বনগাঁ ও বসিরহাটে দিকে যান। স্টেশনে রয়েছে তিনটি প্ল্যাটফর্ম। যাত্রীদের ওঠানামার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই জন্য প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হয়েছে। অভিযোগ, প্রায় দুই মাসের বেশি সময় ধরে চলছে এই কাজ। আর কাজের গতিও খুব কম বলেই মনে করছেন যাত্রীরা। তাঁদের দাবি, কাজ শুরুর দিকে বেশ ভালো গতিই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই গতি একেবারেই কমে গিয়েছে। সর্বোপরি কয়েকদিন হল কাজ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে সমস্যার মধ্যে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও। এ নিয়ে এক ট্রেন যাত্রী ভাস্কর মিত্র বলেন, মানুষের সুবিধার জন্য রেল স্টেশন উঁচু করা হচ্ছে। কিন্তু কাজের গতি একেবারেই কম। উঁচু-নিচু হয়েই পড়ে রয়েছে প্ল্যাটফর্ম। কোথাও গর্ত করা রয়েছে। কোথাও আবার স্তূপ হয়ে পড়ে রয়েছে বিভিন্ন ইমারতি সামগ্রী। ফলে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। তাছাড়া রাতে নির্দিষ্ট সময়ের আগেই আলো বন্ধ করে দেওয়া হয় এই স্টেশনে। তাই আমি বিষয়টি নিয়ে রেলদপ্তরে অভিযোগ জানিয়েছি।
আরেক যাত্রী স্বপন মজুমদার বলেন, রোজ আমি মধ্যমগ্রাম স্টেশন থেকে শিয়ালদহ যাই। কিন্তু যেভাবে এখন প্ল্যাটফর্মে ইমারতি সামগ্রী পড়ে রয়েছে, তাতে সমস্যা হচ্ছে। আমাদের দাবি, রেল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। এনিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তময় দত্তকে ফোন ও মেসেজ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, ‘অমৃত ভারত স্টেশন ডেভেলপমেন্ট’ প্রকল্পে মধ্যমগ্রামে কাজ চলছে। তবে ওখানে জায়গার অভাবের জন্য একটু সমস্যা হচ্ছে। আর থেমে থাকা কাজ শীঘ্রই শুরু করা হবে।
 প্ল্যাটফর্মে পড়ে ইমারতী সামগ্রী। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ