নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ‘একলা চলো’ নীতির পক্ষে এআইসিসি। আপাতত এই লক্ষ্যেই এগচ্ছে রাহুল গান্ধীর দল। গতবার বামেদের সঙ্গে জোট করে কোনও ফল হয়নি। নিজেরা তো ডুবেইছে, বামেরাও। বিধানসভায় দুই শরিকই শূন্য। বেড়ে গিয়েছে বিজেপি। ২০১৬ সালে ছিল তিন। ’২১ সালে ৭৭। পশ্চিমবঙ্গে বিজেপির লক্ষ্যই হল হিন্দু ভোট এককাট্টা করা। আর সেখানে সামান্য হলেও চিড় ধরাতে কংগ্রেসের একলা লড়ার ভাবনাচিন্তা। এআইসিসির ম্যানেজরদের মন্তব্য, তৃণমূল ‘প্রতিপক্ষ।’ বিজেপি ‘রাজনৈতিক শত্রু’। তাই শত্রুকে রোখাই লক্ষ্য।
অন্যদিকে, কেরলে এবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে কংগ্রেস। সেখানে লড়াই সিপিএমের সঙ্গে। ফলে কেরলে কুস্তি, বাংলায় দোস্তি, এই প্রচারের ঢাক যাতে নরেন্দ্র মোদি পেটানোর সুযোগ না পান, তাই এবার বামেদের সঙ্গেও জোটে এআইসিসি আগ্রহী নয় বলেই জানা গিয়েছে। যদিও আদতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কী চায়, সেকথাও শোনা হবে। এআইসিসি সূত্রে খবর, প্রদেশ কংগ্রেসের একাংশ চায় জোট করে লড়তে। এবং সেটি তৃণমূলের সঙ্গে। তাহলে এক-আধটা আসন এলেও আসতে পারে। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, কংগ্রেসকে আসন ছাড়তে নারাজ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, যারা জিরো, তাদের কোথায় আসন ছাড়ব? যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন, সেখানেও এবার তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে। ফলে সেইসব আসনও কংগ্রেসকে ছাড়তে নারাজ অভিষেক।