নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৬ এবং ১১ নভেম্বর দু’ দফার ভোট। তাই এবার প্রার্থী বাছাইয়ে নামল কংগ্রেস। আজ বুধবার বসছে দলের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক। সূত্রে খবর, লোকসভা নির্বাচনে দিল্লি থেকে দাঁড়িয়ে বিজেপির কাছে হেরে গেলেও দলের যুব নেতা কানহাইয়া কুমারকে বিহার বিধানসভায় প্রার্থী করা হবে। একইসঙ্গে বিজেপি বিরোধী জোটের জয়ের লক্ষ্যে সংখ্যালঘু জনপ্রিয় নেতা আসাদউদ্দিন ওয়েসির দল এআইএমএমকেও মহাজোটে শামিল করার চেষ্টা চলছে। যদিও কংগ্রেস এবং আরজেডির একাংশর আপত্তি রয়েছে। তবে বিহারে দুই দলেরই নীচু তলার কর্মীদের একাংশ জানিয়েছে, মুসলমান ভোট যাতে কোনওভাবেই ভাগাভাগি না হয়, তারই লক্ষ্যে ওয়েসির দলকে যদি কয়েকটি আসন ছাড়া যায়, তাহলে মহাজোটের লাভই হবে।



