নাম মহম্মদ সিরাজ বলেই ভারতীয় টিম থেকে বাদ, কটাক্ষ কংগ্রেসের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ৪৮ টেস্ট ম্যাচ। ১৪৪ উইকেট। গড় ২৯.৬৩। চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স। আগুনে স্যুইং ও গতির কামাল শেষ পাঁচটি ম্যাচেও। শিকার ১১ উইকেট। তবু জায়গা হয়নি ভারতীয় দলের প্রথম এগারোয়। নিউজিল্যান্ডে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মহম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই উত্তাল ক্রিকেট দুনিয়া। কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন শুভমন গিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটারও। এবার ক্রিকেট মাঠের গণ্ডি ছাড়িয়ে এই ইস্যুতে উত্তপ্ত রাজনীতির ময়দানও। বৈষম্যের অভিযোগ তুলে সরব কংগ্রেস। বৃহস্পতিবার হাত শিবিরের সাংসদ ইমরান মাসুদের তোপ, নাম মহম্মদ সিরাজ বলেই টিম থেকে বাদ। পালটা বিজেপির অভিযোগ, ক্রিকেট টিমের নির্বাচন নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। লজ্জাজনক।

Advertisement

ক্রিকেট কেরিয়ার থেকে অবসর গ্রহণের বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি কোচ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন ঘিরে বারবার রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস মুখপাত্র সামা মহম্মদ। মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খানের নাম দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বিবেচিত না হওয়ায় সরব হয়েছিলেন তিনি। নাম না করে গম্ভীরকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। ওই কংগ্রেস নেত্রীর অভিযোগ ছিল, নাম ও পদবীর কারণেই সরফরাজকে উপেক্ষা করা হয়েছে। একইভাবে পেসার মহম্মদ সামির বাদ পড়া নিয়েও কম জলঘোলা হয়নি। এবার মহম্মদ সিরাজকে প্রথম এগারোর বাইরে রাখায় সুর চড়ালেন সাংসদ ইমরান মাসুদ। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার বলেন, ‘ভালো পারফরম্যান্স সত্বেও দলে জায়গা হয়নি। কারণ তাঁর নাম মহম্মদ সিরাজ। ভালো খেলেও ভারতীয় টিমে তিনি ব্রাত্য। বৈষম্য স্পষ্ট।’ পালটা সুর চড়িয়েছে বিজেপিও। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এখন ক্রিকেট টিমের নির্বাচন নিয়েও ভোটব্যাংকের রাজনীতি করছে কংগ্রেস। লজ্জাজনক। তারা বলছে, সিরাজ মুসলিম হওয়ার কারণে বাদ পড়েছে। সব ক্রিকেটারই ভারতীয় দলের প্রতিনিধি হিসাবে জার্সি পরেন। সাম্প্রদায়িক ও ভোটব্যাংকের রাজনীতির স্বার্থে ভারতীয় দলে বিভাজনের চেষ্টা থামান।’
বিজেপি যাই বলুক, তাতে টিম সিলেকশন ঘিরে বিতর্ক থামছে না। সুর চড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। নিউজিল্যান্ড প্রথম টেস্টে সিরাজ বাদ পড়লেও ভারতীয় দলের জায়গা হয়েছে চার পেসারের। দলে রয়েছেন যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ ও অংশুল কম্বোজ। সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে বিভ্রান্তিকর বলে সমালোচনা করেছেন গাভাসকর। রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অভিজ্ঞতার কথা মাথায় রেখে সিরাজকে দলে নেওয়া উচিত ছিল। তবে সিরাজের প্রশংসা করেও ক্যাপ্টেন শুভমন গিল ও ব্যাটিং কোচ তীতাংশু কোটাকের বক্তব্য, সম্ভাব্য সেরা টিমই বেছে নেওয়া হয়েছে।