কোচি: কেরলে সিপিএমের কার্যালয়ে জাতীয় পতাকার বদলে তোলা হল কংগ্রেসের দলীয় পতাকা! ইলুরের এই ঘটনা ঘিরে অস্বস্তির মুখে পড়েছে সিপিএম। জানা গিয়েছে, বাম দলের ওই কার্যালয়ে স্বাধীনতা দিবসের সকালে উত্তোলন করা হয় কংগ্রেসের পতাকা। আসলে হাত শিবিরের দলীয় পতাকাও তেরঙ্গা। তার জেরেই এই বিভ্রাট বলে সাফাই দিয়েছে সিপিএম। বুধবার দলের স্থানীয় নেতৃত্ব বলেছে, ওই দিনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
জানা গিয়েছে, ওই কার্যালয়ের এক প্রবীণ কর্মী ও এক নেতার ভুলেই এমনটা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের তা নজরে পড়ে। কিন্তু ততক্ষণে কেটে গিয়েছে ১০ মিনিটেরও বেশি সময়। শেষপর্যন্ত কংগ্রেসের দলীয় পতাকা নামিয়ে আনা হয়। এরইমধ্যে ঘটনার ভিডিও সামনে আসে। অনেকেই এই ত্রুটির সমালোচনা করেছেন। যদিও যাঁদের ভুলে এই বিভ্রাট, তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ দল নেয়নি বলে জানা গিয়েছে।