বিশেষ অধিবেশনের প্রস্তাব নিয়ে শাহকে চ্যালেঞ্জ কংগ্রেসের, ৩ কোটি অনুপ্রবেশকারীর তালিকা কোথায়?
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এসআইআরের বিরোধিতায় গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সভাকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই ওই সভার আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে শাহ জানান, তাঁরা সংসদে বিশেষ অধিবেশন ডেকে এসআইআর নিয়ে বিতর্কে অংশ নিতে প্রস্তুত আছেন। এবার পালটা শাহকে আক্রমণের পথে হাঁটল কংগ্রেস শিবির। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, সব কিছুর আগে শাহকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘স্বঘোষিত চাণক্য, যিনি ধাপ্পাবাজি, বাগাড়ম্বর ও আস্ফালনেও ওস্তাদ বলেছেন যে ভোট চুরি নিয়ে তিনি বিশেষ অধিবেশনের জন্য প্রস্তুত। অথচ গত বছর যখন বিরোধীরা সম্মিলিতভাবে এসআইআর নিয়ে আলোচনা চেয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, এসআইআর কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়। ভোট চুরির বিষয়ে বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্যিই আন্তরিক হন, তাহলে তাঁর উচিত প্রথমে নিজের হাতের পুতুল জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিশ্চিত করা। এসআইআর প্রক্রিয়াকেও বাতিল করা উচিত।’

Advertisement

এছাড়া আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রের প্রস্তাবগুলি আগেভাগে বিরোধীদের জানাতে হবে এবং সর্বদলীয় বৈঠক ডাকবে বলেও দাবি করেছেন জয়রাম। এসআইআরে যে ১৩ কোটি নাম বাদ গিয়েছে, তার মধ্যে তিন কোটিই অনুপ্রবেশকারী বলে দাবি করেছিলেন অমিত শাহ। তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। মঙ্গলবার তিনি জানান, অনুপ্রবেশকারী হিসাবে যে তিন কোটি মানুষের নাম বাদ গিয়েছে, তার তালিকা প্রকাশ্যে আনা হোক। যদি সত্যিই এত ব্যাপক মাত্রায় অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যপদ্ধতি নিয়েই গুরুতর প্রশ্ন উঠছে। তিওয়ারি জানান, অনুপ্রবেশকারীদের নাম ও তারা কোন দেশ থেকে ভারতে এনেছে, তা সকলের জানা উচিত।