৮১ জন সচিবকে নিয়োগ করল কংগ্রেস, পছন্দ রাহুল-প্রিয়াঙ্কারই
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক হাজার জনের ইন্টারভিউ। কে হতে পারেন যোগ্য। কয়েক মাস ধরে বাছাই পর্ব চলার পর অবশেষে ৮১ জনকে সচিব পদে নিয়োগ করল এআইসিসি। বাদ দেওয়া হল পুরানো ২৫ জনকে। যার মধ্যে রয়েছেন রাজস্থানের বর্তমান সাংসদ সঞ্জনা জাটব, প্রাক্তন বিধায়ক দিব্যা মহিপাল মাদেরনা, এক সময়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অম্বা প্রসাদ, কেরলের বর্তমান মন্ত্রী রোজি এম জন, দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব প্রমুখ। 

Advertisement

এঁদের কেউ কেউ ইতিমধ্যেই বড় দায়িত্ব পেয়েছেন। অন্যদেরও ভবিষ্যতে কোনো দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। তবে এআইসিসির জাতীয় সচিব পদে নতুন যাঁদের বাছা হল, তাঁদের সিংহভাগই রাহুল-প্রিয়াঙ্কার পছন্দের বলেই পরিচিত। ফলে দলের সার্বিক দায়িত্ব সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হলেও আদতে নিয়ন্ত্রণ সেই গান্ধী পরিবারেরই হাতে বলেই রাজনৈতিক মহলের মত। কে হতে পারেন এআইসিসির জাতীয় স্তরের সচিব, তা বাছতে গত কয়েক মাস ধরে রাহুল, প্রিয়াঙ্কা এবং এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল নিয়েছিলেন ইন্টারভিউ। 
রাহুলের পছন্দের পাত্র মনোজ ত্যাগীকে এআইসিসির অ্যাডমিনিস্ট্রেশনের সচিব পদ দেওয়া হয়েছে। ভারত জোড়া যাত্রা হোক বা কোনো বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, রাহুল গান্ধীর কর্মসূচিতে সাদা টুপি পরা মুখে রাহুলেরই অনুকরণে এক গাল দাড়ির এই ব্যক্তিকে সক্রিয়ভাবে দেখা যায়। একইভাবে প্রণব ঝা, বিনীত পুনিয়া, নেট্টা ডিসুজার মতো রাহুল-প্রিয়াঙ্কার পছন্দের ব্যক্তিকেই সচিব পদে বসানো হয়েছে। 
পশ্চিমবঙ্গ কংগ্রেসের সংগঠনের কাজে যুক্ত করতে এআইসিসির সচিব পদে নিয়োগ করা হল আবদুল খালেক, দেবাশিস প্রামাণিক এবং গুঞ্জন প্যাটেলকে। রাজ্যে রাজ্যে কংগ্রেসের সংগঠন চাঙা করতে নতুন এই নির্বাচিত ব্যক্তিদের নিয়ে শীঘ্রই বৈঠক করবেন রাহুল গান্ধী। একইসঙ্গে সচিব পর্যায়ের পর এআইসিসির বিভিন্ন রাজ্যের ইনচার্জ বাছা হবে। বদল হবে সংগঠনের সাধারণ সম্পাদক পদেও। আগামী বছর (২০২৭) অক্টোবর মাসে হবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন। তার আগে সংগঠনের অন্যান্য পদে শুরু হয়ে গেল পরিবর্তন।