নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অপারেশন লোটাস’। অন্য দল ভেঙে এমপি, বিধায়কদের নিজেদের দিকে টেনে নিয়ে আসা বিজেপির কাছে নতুন নয়। বিগত ১২ বছরে অনেকবার হয়েছে। রাজ্যে রাজ্যে এভাবে ঘুরপথে বিজেপি ক্ষমতা দখল করেছে বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু হঠাৎ বিজেপি এতটা আগ্রাসী হয়ে অপারেশন লোটাস করছে কেন? কোনও নীতি নৈতিকতা, রাজনৈতিক প্রটোকলের তোয়াক্কা না করে দল ভাঙার উৎসব যেন শুরু হয়েছে। কেন? শনিবার কংগ্রেস অভিযোগ করেছে, এর আসল কারণ অনেক গভীরে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্যসভার এমপি জয়রাম রমেশ বলেছেন, মোদি সরকার সংবিধানই বদলে দিতে চাইছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনে মোদি সরকার শুধুই যে ডিলিমিটেশন অথবা মহিলা সংরক্ষণ সংশোধনী বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ করানোর জন্যই মরিয়া এরকম নয়। অর্থাৎ এই বিলগুলি পাশ করাতে দুই তৃতীয়াংশ সমর্থন চাই। সেটা এনডিএ জোটের নেই। তাই যেভাবে হোক ওই সংখ্যা অর্জন করতে বিজেপি দেশজুড়ে বিরোধী দল ভাঙছে। এটা অর্ধেক সত্য। এই লক্ষ্যপূরণ অবশ্যই একটি কারণ। কিন্তু অন্য গভীর কারণ হল, মোদি সরকার সংবধানই বদলে দিতে চাইছে। নতুন করে সংবিধান আনতে চান নরেন্দ্র মোদি।



