Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রবসনের চোটে বাড়ছে উদ্বেগ

আইএসএলে জয়ের হ্যাটট্রিক। ৩ ম্যাচে ৯ গোল। ফাগুন হাওয়ায় উড়ছে সবুজ-মেরুন আবির। তবে ফুরফুরে পরিবেশেও রবসনকে নিয়ে চিন্তার মেঘ মোহন বাগানে

রবসনের চোটে বাড়ছে উদ্বেগ
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে জয়ের হ্যাটট্রিক। ৩ ম্যাচে ৯ গোল। ফাগুন হাওয়ায় উড়ছে সবুজ-মেরুন আবির। তবে ফুরফুরে পরিবেশেও রবসনকে নিয়ে চিন্তার মেঘ মোহন বাগানে। শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রাজিলিয়ান তারকা। বিরতির আগেই তুলে নিতে হয় রবসনকে। এদিন রিকভারি সেশনে স্রেফ সাইডলাইনে বসে রইলেন তিনি। ওড়িশা এফসি’র বিরুদ্ধে পরের ম্যাচে রবসন অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে নারাজ। ১৪ মার্চ কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলবে লোবেরা ব্রিগেড। গার্ডেন সিটিতে রবসনকে নামাতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। মরশুমের গোড়ায় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ছিলই। কিন্তু লোবেরা জমানায় মেদ ঝরিয়ে রবসন অনেক চনমনে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। ব্রাজিলিয়ানের খেলায় পুরনো ঝাঁঝ দেখা যাচ্ছিল। কিন্ত বিধি বাম। ঠিক তখনই চোট পেলেন রবসন। 

Advertisement

এদিকে, দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোল নিয়েও চর্চা চলছে। প্রায় ৩৫ গজ দূর থেকে অনবদ্য  ভলিতে জাল কাঁপান অজি তারকা। প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের বিশ্লেষণ, ‘পেত্রাতোস যে আত্মবিশ্বাসের তুঙ্গে এই গোলই তার প্রমাণ। এই ক্লিপিংস খুদে ফুটবলারদের দেখানো উচিত। বডি ব্যালান্স নিখুঁত না হলে বল গ্যালারিতে উড়ে যেত। নন কিকিং ফুটের ব্যবহারও প্রশংসার দাবি রাখে।’ এদিকে, ৬ মার্চ মোহন বাগান বনাম ওড়িশা ম্যাচ যুবভারতীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বিকেল পাঁচটায় শুরু খেলা। 
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চেন্নাইয়ানের মুখোমুখি হয়েছিল ওড়িশা। ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে তারা। ওড়িশাকে মেপে নিতে রবিবার তড়িঘড়ি প্র্যাকটিস শেষ করে ম্যাচে চোখ রেখেছিল মোহন বাগান থিঙ্কট্যাঙ্ক। দেলগাডো, রহিম আলি, অমরিন্দর, ইশাক রালতের মতো কয়েকজন চেনা মুখ রয়েছে ওড়িশায়। তবে পর্যাপ্ত অনুশীলনের অভাবে দল এখনও তৈরি নয়। 

সম্পর্কিত সংবাদ