নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতারাতি আস্ত জলাশয় ভরাটের অভিযোগ দেগঙ্গায়। একাধিক ট্রাক্টর ও লরি করে বাইরে থেকে মাটি নিয়ে এসে মূল সড়কের পাশে জলাশয়টি ভরাট করা হচ্ছে। শুধু তাই নয়, পুকুরের পাশে থাকা নয়ানজুলি ও সরকারি জায়গাও বেআইনিভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ দেগঙ্গার শ্বেতপুরের বাসিন্দাদের। বিষয়টি নিয়ে দেগঙ্গা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। তদন্ত শুরু করেছেন বিডিও। দেগঙ্গার সোহাই-শ্বেতপুর এলাকায় জেএল নম্বর-৩ এর অন্তর্গত ৩, ১৯০ দাগে রয়েছে জলাশয়টি। এর মালিক এক ঘোষ পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি সেই জলাশয় ভরাট করার উদ্যোগ নিয়েছেন মালিকরা। শুধু তাই নয়, পাশের নয়ানজুলি ও সরকারি রাস্তাও তাঁরা বেআইনিভাবে ব্যবহার করছেন। এর ফলে এলাকার চাষের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। এমনকী সঠিকভাবে জল নিকাশিও হবে না। শাসকদলের একাংশের মদতে এই কাজ হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, অভিযোগের ভিত্তিতে জমির মালিককে নোটিস করা হয়েছে। তদন্ত চলছে। অন্যদিকে, এনিয়ে জমি মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।



