Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি রাজ্য সভাপতির ‘পোস্ট’ নিয়ে বসিরহাট থানায় অভিযোগ

মুর্শিদাবাদের অশান্ত পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ‘অভয়’ পাচ্ছে সাধারণ মানুষ

বিজেপি রাজ্য সভাপতির ‘পোস্ট’  নিয়ে বসিরহাট থানায় অভিযোগ
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুর্শিদাবাদের অশান্ত পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ‘অভয়’ পাচ্ছে সাধারণ মানুষ। রাজ্য পুলিসের পক্ষ থেকে সমাজমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও ছবি ছড়ানোর ক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে। এই আবর্তে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সুকান্তবাবু ভিন রাজ্যের হিংসার ছবি এ রাজ্যের বলে দেখিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে ‘উস্কানি’ দিচ্ছেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বসিরহাট থানায় এই মর্মেই অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব।

Advertisement

গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদে গিয়েছেন। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সামাজিক মাধ্যমে কয়েকটি হিংসাত্মক ঘটনার ছবি পোস্ট করেন। তৃণমূলের দাবি, ছবিগুলি অন্য রাজ্যের। সেগুলিকে হাতিয়ার করে বাংলায় হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বসিরহাট থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদারের সঙ্গে ছিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ও। সপ্তর্ষি বলেন, ‘সুকান্তবাবু শুধু রাজ্য বিজেপির সভাপতি নন, তিনি দেশের মন্ত্রী। এতবড় দায়িত্বপূর্ণ পদে থেকে তিনি কীভাবে ভিন রাজ্যের হিংসার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন, জানি না। তাঁর ওই পোষ্ট বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। এর জন্য প্রকাশ্যে ওঁকে ক্ষমা চাইতে হবে।’ এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি বিজেপি নেতৃত্ব। তবে বিতর্ক শুরু হতেই সুকান্তবাবু সেই পোস্ট মুছে দিয়েছেন বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ