সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের জগতাগাঁও এলাকার একটি চা বাগানে কর্মীদের মাসে পর্যাপ্ত কাজ দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থেকেও শ্রমিকদের বঞ্চিত করছে বাগান কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নেতৃত্ব ও শ্রমিকদের একাংশ ইসলামপুরের শ্রমদপ্তরে অভিযোগ জানান। শ্রমিকদের বক্তব্য, প্রায় তিন মাস আগে বাগানটি বিক্রি করে দেওয়া হয়। বাগানটিতে ১০৬ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। নতুন মালিক শ্রমিকদের কাজ দিচ্ছেন না। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক দীপক রায় বলেন, স্থায়ী শ্রমিকদের মাসে ১০-১৫ দিন কাজ দিচ্ছে নতুন মালিক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরা। বাইরে থেকে শ্রমিক এনে বাগানের কাজ করানো হচ্ছে। স্থায়ী শ্রমিকদের পিএফের টাকা কেটে নিয়েও তা জমা করছে না বাগান কর্তৃপক্ষ। এবিষয়ে জয়েন্ট লেবার কমিশনার দীপনারায়ণ ভাণ্ডারি বলেন, বাগানের বর্তমানে মালিকের সঙ্গে শ্রমিকদের বিরোধ চলছে। সরকারি নিয়ম অনুসারে শ্রমিকদের মাসে ২৬ দিন কাজ দেওয়ার কথা। কিন্তু সেখানে কম দিন কাজ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শ্রমিক সংগঠনের অভিযোগ শুনেছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। শ্রমিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে বাগান মালিক ফায়াজ আলম বলেন, শ্রমিকদের পর্যাপ্ত দিন কাজ দেওয়া হয়েছে, তা রেজিস্টারে লেখাও আছে। নিজস্ব চিত্র



