নিজস্ব প্রতিনিধি, বারাসত: একের পর এক পথকুকুরের উপর হামলা। ঘুমন্ত সারমেয়দের উপর আক্রমণ। বারাসতের এক দম্পতি এই কাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ উঠল। বিষয়টি নজরে আসার পর পশুপ্রেমীরা একজোট হয়ে অত্যাচারের বিবরণ তুলে ধরে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বারাসত পুরসভার পাঁচ নম্বর পান্নাঝিল এলাকায়। ঘটনার তদন্ত করছে পুলিস।
বারাসত পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পান্নাঝিল অত্যন্ত ব্যস্ত এলাকা। এখানকার বাসিন্দা জনৈক মণ্ডল দম্পতি। এখানে বহু পথকুকুর আছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কুকুরের উপর হামলা চালাচ্ছেন মণ্ডল দম্পতি। কেউ বাধা দিলে পাল্টা শাসানি দিচ্ছেন। বারাসতের এক পশুপ্রেমী তাঁদের এই কাজ করতে নিষেধ করেন। তাঁকেও গালিগালাজ শুনতে হয় বলে অভিযোগ। মঙ্গলবার বারাসত পুরসভার পক্ষ থেকে পথকুকুরদের জন্য স্টেরিলাইজেশনের কাজ হচ্ছিল। সে সময় উপস্থিত ছিলেন একাধিক পশুপ্রেমী। তখন ঘুমন্ত একটি কুকুরকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে মণ্ডল দম্পতি। পা ভেঙে যায় কুকুরটির। এই অত্যাচার দেখার পর বারাসত থানায় অভিযোগ জানান পশুপ্রেমীরা। পশুপ্রেমী নীলাঞ্জনা রায় বলেন, আমরা জানতে পেরেছি অবলা পথকুকুরের উপর এই দম্পতি লাগাতার হামলা করে। এর আগে দু’টি কুকুরকে মেরে ফেলেছে ওরা। পুলিস আমাদের অভিযোগ গ্রহণ করেছে। দোষী দম্পতির কঠোর শাস্তি চাই।