সংবাদদাতা, কাকদ্বীপ: শীঘ্রই কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় মৎস্যজীবীদের জন্য তৈরি হবে কমিউনিটি হল। পাঁচ শতক জমির উপর এটি নির্মিত হবে। দোতলা ভবনে বেশ কয়েকটি ঘরও তৈরি করা হবে। খরচ হবে প্রায় ৫০ লক্ষ টাকা। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মৎস্য দপ্তরের কাছে কাকদ্বীপ এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মৎস্য দপ্তর সেটি অনুমোদন করেছে। খুব শীঘ্রই পঞ্চায়েত অফিসের পাশের জমিতে হলটি গড়ে তোলা হবে। এই গ্রাম পঞ্চায়েতটি মৎস্যজীবী অধ্যুষিত। তাঁদের উন্নতির কথা ভেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কমিউনিটি হলে মৎস্যজীবীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও তাঁরা সভাও করতে পারবেন। এমনকী মৎস্যজীবী পরিবারগুলির যে কোনও অনুষ্ঠানেও এই কমিউনিটি হল ব্যবহার করা যাবে। এ বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী নারায়ণ দাস বলেন, কমিউনিটি হলটি তৈরি করা হলে মৎস্যজীবীদের সত্যিই খুব উপকার হবে। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, এলাকাবাসীর জন্যই হলটি তৈরি হচ্ছে।



