উত্তরপ্রদেশ, ৮ নভেম্বর: অযোধ্যার রামমন্দিরে যেতে পারেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তবে তার আগে রামভক্তদের কাছে ক্ষমা চাইতে হবে তাঁকে। গতকাল অযোধ্যার দীপোৎসবের মঞ্চ থেকে এমনই কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সমাজবাদী পার্টির ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে রামমন্দির ও হনুমানগড়িতে পুজো দিতে যাওয়ার কথা অখিলেশের। সেই প্রসঙ্গেই নাম না করে তাঁকে নিশানা করেন যোগী। তাঁর কটাক্ষ, যাঁরা একসময় অযোধ্যাকে রক্তাক্ত করেছিলেন, তাঁরাও এখন অযোধ্যার কথা মনে করছেন। আসুন, তবে রামভক্তদের কাছে ক্ষমা চেয়ে আসবেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির আন্দোলনের সময় করসেবকদের উপর পুলিশের গুলিচালনার প্রসঙ্গ টেনেই এই কটাক্ষ করেন যোগী। সেই সময় উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল মুলায়ম সিং যাদবের সরকার। অপরদিকে, যোগীর মন্তব্যের পাল্টা জবাব দেন অখিলেশও। রামমন্দিরের অনুদানের টাকা চুরির অভিযোগ তুলে সমাজমাধ্যমে তিনি প্রশ্ন করেন, কবে এই ঘটনার সত্য সামনে আসবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। অখিলেশের প্রস্তাবিত মন্দির সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রামমন্দিরকে কেন্দ্র করে বিজেপি ও সমাজবাদী পার্টির সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।



