সংবাদদাতা, উলুবেড়িয়া: কসবা কাণ্ডের জেরে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চশিক্ষা দপ্তরকে নোটিস জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশের পরেই উলুবেড়িয়া কলেজের ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ। এদিন কলেজে গিয়ে দেখা গেল, ইউনিয়ন রুমের দরজায় তালা ঝুলছে।
উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল এ প্রসঙ্গে বলেন, আমরা হাইকোর্ট বা উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ এখনও হাতে না পেলেও বুধবার বিকেলে কলেজের ইউনিয়ন রুম থেকে সবাইকে বের করে দরজায় তালা লাগিয়ে দিয়েছি। আমতা রামসদয় কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, স্টুডেন্টস ইউনিয়ন রুম একটি অতি পরিচিত নাম। বর্তমানে কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা ওই ঘরে বসে নতুন ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ করতে সাহায্য করেন। তবে যদি ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ আসে, তাহলে আমরা তালা ঝোলাতে বাধ্য। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাইরে বা কলেজের অন্য কোনও ঘরে বসে নতুনদের সাহায্য করবে। শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সব্যসাচী সেন বলেন, আমি এদিন কলেজে না থাকায় আদালতের নির্দেশ হাতে পাইনি। তবে যা নির্দেশ আসবে, তা আমাদের মানতে হবে। এই কলেজের প্রাক্তন ছাত্র সুশান্ত মৈনান বলেন, কলেজের ইউনিয়ন রুম ছাত্রছাত্রীদের সাহায্যের জন্যই ব্যবহার করা হতো। আদালত যেহেতু নির্দেশ দিয়েছে, তাই কলেজের ইউনিয়ন রুম এখন থেকে বন্ধ থাকবে। হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান বলেন, আদালতের নির্দেশ আমরা মেনে চলব।