সংবাদদাতা, উলুবেড়িয়া: নির্মীয়মাণ বাড়িতে জল দেওয়ার জন্য পাম্পে বিদ্যুতের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জয়পুর থানার অমরাগড়ি পঞ্চায়েতের বোয়ালিয়া গ্রামে। মৃত ছাত্রের নাম সমীরণ সেনাপতি (১৯)। তিনি জয়পুর পঞ্চানন রায় কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। জয়পুর থানার পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোয়ালিয়া গ্রামে সমীরণদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নির্মীয়মাণ বাড়িতে জল দেওয়ার জন্য সমীরণ পাম্পের সঙ্গে বিদ্যুতের সংযোগ করছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময় সমীরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটপট করতে থাকেন। এক প্রতিবেশীর বিষয়টি নজরে আসার পর তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে উদ্ধার করেন। স্থানীয় অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ফাইল চিত্র



