Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোমা মেরে কালেক্টর ভবন উড়িয়ে দেওয়া হবে, হুমকি মেল জেলাশাসককে

বোমা মেরে কালেক্টর ভবন উড়িয়ে দেওয়া হবে, হুমকি মেল জেলাশাসককে
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: জেলার কালেক্টর ভবনে রয়েছে বোমা। উড়িয়ে দেওয়া হবে অফিস। দক্ষিণ দিনাজপুর জেলাশাসককে মেল করে এমনই হুমকি দেওয়া হল।  ঝুঁকি না নিয়ে দ্রুত খবর দেওয়া হয় জেলা পুলিসকে। ডিএম অফিস তথা কালেক্টর ভবনে পৌঁছয় বম্ব স্কোয়াড। কর্মীরা ডিএম অফিসের ঘর থেকে শুরু করে পুরো ভবন ও চত্বর খুঁজে দেখেন। কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি। প্রথমে অফিসের কর্মীরা বিষয়টি বুঝে উঠতে পারেননি। তাঁরা ভেবেছিলেন হয়তো নিরাপত্তার রুটিন কাজ। পরে হুমকি মেলের কথা শোনার পর চমকে ওঠেন অনেকে। জেলা প্রশাসন ও পুলিস সূত্রে খবর, অজানা আইডি থেকেই এই মেলটি এসেছে। জেলা প্রশাসনের তরফে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত নেমেছে জেলা পুলিস। রামনবমীর আগে জেলাজুড়ে সতর্ক রয়েছে পুলিস। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলায় বাড়ানো হয়েছে নজরদারি। এর মাঝে হুমকির মেল কিছুটা হলেও চিন্তায় ফেলে পুলিস, প্রশাসনকে।  এর পিছনে সাইবার অপরাধীরা রয়েছে, নাকি মিথ্যা হুমকি, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, আমাদের কাছে একটি ইমেল এসেছিল। তাতে বিভিন্ন বিষয় নিয়ে হুমকি দেওয়া হয়। সমস্তটা পুলিসকে জানিয়েছি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট থানার ১০০ মিটারের মধ্যেই জেলার কালেক্টর ভবন। তার পাশেই পুলিস সুপারের অফিস। রয়েছে কোর্ট থেকে শুরু করে স্কুল ও নানা গুরুত্বপূর্ণ দপ্তর। একেবারে জনবহুল ও ব্যস্ততম এলাকার মধ্যে চারতলা ভবনের দ্বিতীয় তলায় বসেন ডিএম। মাঝেমধ্যে ভবনের নিরাপত্তার দেখার জন্য রুটিন তল্লাশি হয়। এদিন বম্ব স্কোয়াডের কর্মীরা পৌঁছনোর পর সেরকম কিছুই ভেবেছিলেন জেলাশাসকের অফিসের কর্মীরা। কিন্তু আসল কথা জানার পর অনেকের কপালে ভাঁজ পড়ে যায়। এক কর্মী বললেন, এখানে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু বোমা মেরে ভবন উড়িয়ে দেওয়ার মেল পাঠানোর খবর শুনে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ