নয়াদিল্লি: মৃত্যুর প্রায় দু’বছর পর কয়লা খনি বণ্টন নিয়ে দুর্নীতির যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সম্প্রতি সিবিআইয়ের পক্ষ থেকে মামলা বন্ধের আরজি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই রিপোর্ট গ্রহণ করে বুধবার শীর্ষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ২০০৫ সালে ওড়িশার তালাবিরা-২ কয়লাখনির বরাত হিন্দালকো ইন্ডাস্ট্রিজকে দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। সে সময় কেন্দ্রে প্রথম ইউপিএ সরকার। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতেই ছিল কয়লা মন্ত্রক।
এই মামলায় তদন্ত করে ২০১৪ সালেই সিবিআই জানায়, মনমোহন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। তাই মামলা বন্ধ করা হোক। যদিও ২০১৫ সালে সেই রিপোর্ট খারিজ করে দেয় দিল্লির একটি নিম্ন আদালত। জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার মতো প্রাথমিক তথ্যপ্রমাণ রয়েছে। সেই মামলায় মনমোহনের পাশাপাশি শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, প্রাক্তন কয়লা সচিব পি সি পারেখকেও সমন পাঠায় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনমোহন সিং। সে বছরের এপ্রিলেই সমনের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মনমোহনকেও সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত এক দশক সুপ্রিম কোর্টে পড়ে ছিল মামলাটি। ২০২৪ সালের ডিসেম্বরে মনমোহনের মৃত্যু হয়েছে। এরপর আবারও মামলা বন্ধের আর্জি জানায় সিবিআই। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সেই আরজি গ্রহণ করেছে। বেঞ্চের মতে, সিবিআইয়ের মামলা বন্ধের রিপোর্ট খারিজ করা উচিত হয়নি নিম্ন আদালতের।