Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্প সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, জমিজট কাটতে চলেছে কালনাতেও

জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সেতুর শিলান্যাস করবেন। দামোদর নদের উপর নতুন এই সেতুটি তৈরি হবে।

শিল্প সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, জমিজট কাটতে চলেছে কালনাতেও
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সেতুর শিলান্যাস করবেন। দামোদর নদের উপর নতুন এই সেতুটি তৈরি হবে। কৃষক সেতুর পাশেই সেটি তৈরি হবে। নতুন সেতুর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন সেতুর নকশা তৈরি হয়ে গিয়েছে। কাজ শুরু হতে আর কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে সেতুটির শিলান্যাস করবেন। তবে তিনি কবে আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। কালনা-শান্তিপুর সেতু তৈরির জটও কাটতে চলেছে। ভাগীরথীর উপর সেতু তৈরির জন্য ৯৫শতাংশ জমি অধিগ্রহণ হয়েছে। পাঁচ শতাংশ জমি অধিগ্রহণ বাকি রয়েছে। বিভিন্ন অজুহাতে মালিকরা জমি দিতে রাজি হচ্ছিলেন না। জট কাটানোর জন্য কয়েকদিন আগে কালনার আধিকারিকদের সঙ্গে জেলাশাসক আয়েশা রানি এ বৈঠক করেন। জমিদাতাদের সঙ্গে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক বলেন, ওই সেতুটি তৈরি হলে পূর্ব বর্ধমান ও নদীয়া জেলার বাসিন্দারা উপকৃত হবেন। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। আশা করা যায়, খুব শীঘ্রই জমিজট কেটে যাবে। 

Advertisement

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় আরও একটি নতুন সেতু তৈরি হতে চলেছে। সেটি জুজুটি এলাকায় দামোদরের উপর তৈরি হবে। খড়্গপুর থেকে মোড়গ্রাম নতুন জাতীয় সড়ক তৈরি করা হয়। সেই কারণেই দামোদরের উপর ওই সেতুটি তৈরি জরুরি হয়ে পড়েছে। জেলার আটটি ব্লকের উপর দিয়ে নতুন রাস্তা যাবে। স্থানীয়দের দাবি, তিনটি সেতু তৈরির কাজ শেষ হলে পূর্ব বর্ধমানের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসবে। বিশেষ করে উত্তরবঙ্গ যাওয়ার সময় আরও কমে যাবে। কালনা-শান্তিপুর সেতু তৈরির কাজ বহুদিন ধরেই জমিজটের কারণে আটকে রয়েছে। এবার সেই সমস্যা মেটাতে প্রশাসন কোমর বেঁধে ময়দানে নামছে। এক আধিকারিক বলেন, কালনার দিকে কয়েকজন জমি দিতে রাজি হচ্ছে না। তারা নানা অজুহাত দেখাচ্ছে। কয়েকজনের জন্য এতবড় প্রকল্প আটকে থাকতে পারে না। বৃহত্তর স্বার্থে প্রশাসনকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনে এক্ষেত্রেও তেমনটা হবে। যারা জমি দিয়েছে তারা টাকা পেয়ে গিয়েছে। ওই কয়েকটি পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। কিন্তু, তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’টি সেতু তৈরির আশ্বাস দিয়েছিলেন। খুব শীঘ্রই সেগুলি তৈরির কাজ শুরু হবে। কালনার সমস্যাও খুব তাড়াতাড়ি মিটে যাবে। বৃহত্তর স্বার্থে সবার এগিয়ে আসা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ