সংবাদদাতা, কাটোয়া: প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে৷ রাজ্যের সব পুরসভায় বসানো হবে কাপড়ের ব্যাগ-ভেণ্ডিং মেশিন৷ বাজারে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে সেই ব্যাগ৷ ইতিমধ্যেই কর্পোরেশন সহ রাজ্যের সব পুরসভাকেই সেই নির্দেশ দিয়েছে রাজ্য পুর ও নগরন্নোয়ন দপ্তর৷ এমনকি প্রতিটি পুরসভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও হয়েছে। কাটোয়া শহরেও দু’টি ভেন্ডিং মেশিন বসবে৷
রাজ্যের সব শহরগুলিতে কাপড়ের ব্যাগ-ভেণ্ডিং মেশিন বসানো হবে৷ পয়সা দিলে কাপড়ের ব্যাগ বেরিয়ে আসবে মেশিন থেকে৷ ঠিক কয়েন বুথের মতোই৷ কর্পোরেশন সহ রাজ্যের সব জেলার ১২৮টি পুরসভাকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভেণ্ডিং মেশিনের জন্য ৬০ হাজার টাকা করে বরাদ্দ হবে। টেণ্ডার ডেকে মেশিন বসানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরসভাগুলি। তবে কোন পুরসভা কতগুলি মেশিন বসাতে পারবে, তা ঠিক করা হয়েছে জনসংখ্যার নিরিখে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোনো শহরের জনসংখ্যা পঞ্চাশ হাজারের মধ্যে হলে তারা একটি মেশিন বসাতে পারবে। ১ লক্ষের মধ্যে জনসংখ্যা হওয়া শহরে দু’টি ভেণ্ডিং মেশিন বসবে। আর ১ লক্ষের বেশি বা কর্পোরেশন হলে ৩ থেকে ৫ টি বা তার অধিক মেশিন বসানো হবে।
কাটোয়া শহরের বাসস্ট্যাণ্ডে নেতাজী পুর মার্কেটের সামনে একটি ও শহরের ভিতরে একটি মেশিন বসানো হবে। কাটোয়া পুরসভার এগজিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মণ্ডল বলেন, কাপড়ের ব্যাগ ভেণ্ডিং মেশিন বসানো হবে৷ এমনিতে প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হতে চলেছে৷ আমরা অভিযানে নামব এবার। আপাতত প্রথম পর্যায়ে পূর্ব বর্ধমান জেলার মধ্যে তিনটি পুর এলাকায় এমন মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তার মধ্যে বর্ধমান পুরসভায় ৩ টি, কাটোয়ায় ২ টি ও গুসকরা শহরে ২ টি মেশিন বসানো হবে। পশ্চিম বর্ধমানের আসানসোন কর্পোরেশন এলাকায় ২০টি মেশিন বসানো হবে। তার জন্যে দেওয়া হবে ১২ লক্ষ টাকা। পলিউশন কন্ট্রোল বোর্ড প্ল্যাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে পরামর্শ দিচ্ছে বার বার। আগে রাজ্য জুড়ে প্ল্যাস্টিক বন্ধে অভিযানও চালানো হয়। কাটোয়া শহরে দেখা গিয়েছিল গোডাউন ভর্তি ৫০ মাইক্রনের নীচে প্ল্যাস্টিক ক্যারি ব্যাগ রয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। ১২০ মাইক্রনের নিচের প্ল্যাস্টিক খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন৷ কাটোয়া শহরে নিকাশির মুখে আটকে থাকা প্ল্যাস্টিকের জন্য নানা সমস্যা হচ্ছে৷ তাই এবার প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা।