মালদহের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর ছুটির প্রথম পর্যায়ের পর শুরু ক্লাস
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: পুজোর ছুটির প্রথম পর্যায়ের পর মঙ্গলবার থেকে খুলে গেল জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এদিন থেকে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়ে গিয়েছে পঠনপাঠন। তবে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় ভাবে কম। কালীপুজোর সময় আবার প্রায় এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মধ্যবর্তী সময়ে যেন ক্লাস চালু করে লেখাপড়া বেশ কিছুটা সেরে ফেলা যায় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন থেকে ক্লাস শুরু হয়েছে বেশকিছু বেসরকারি স্কুলেও। তবে কালীপুজো এবং ভাইফোঁটার সময় ওই প্রতিষ্ঠানগুলোও আবার কয়েক দিন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। মালদহের কালিয়াচক-২ ব্লকের রাজ্য সরকার পোষিত একটি মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ শরিফ আহমেদ বলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষ পর্ষদ ছুটির তালিকা তৈরি করে দেয়। এই নির্দেশ অনুযায়ীই এদিন থেকে ক্লাস শুরু হয়েছে। কালীপুজোর সময় আবার সপ্তাহ খানেক ছুটি থাকবে। মধ্যবর্তী সময়ে ছেলেমেয়েদের ক্লাস চলবে। দশম শ্রেণীর টেস্ট পরীক্ষাও শুরু করা হবে।

Advertisement

একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল বলেন, আমরাও এদিন থেকে ক্লাস চালু করেছি পুজোর পরে। আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত ক্লাস চলবে। তারপরে কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজোর ছুটি দেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, রাজ্য সরকার পোষিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকা রয়েছে। সারা বছরে মোট ৬৫ দিন ছুটি থাকে। এই ছুটির বেশি দেওয়া যায় না। কোনো স্কুল এখন একটানা বন্ধ রাখছে। আবার কেউ ক্লাস চালাচ্ছে। কিন্তু সব মিলিয়ে ৬৫ দিনের মধ্যেই ছুটির তালিকা সীমাবদ্ধ থাকে।