এসআরএফটিআই-তে পুলিশের সঙ্গে বচসা, যাদবপুরে অমর্ত্য সেনের বার্তা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) পুলিশ মোতায়েন নিয়ে তরজা অব্যাহত। বৃহস্পতিবার দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, পুলিশ পড়ুয়াদের গতিবিধি রেকর্ড করে রাখছে। অ্যাডমিন বিল্ডিংয়ে কাজকর্ম করতেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এরই মাঝে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এসআরএফটিআইয়ের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

এদিকে যাদবপুরের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন অমর্ত্য সেন। পড়ুয়াদের অভিযোগ, একটি পুলিশ ভ্যান আন্দোলন স্থলে সারাক্ষণ রাখা হয়েছে। এদিন বৃষ্টির সময় কয়েকজন পড়ুয়া অ্যাডমিন বিল্ডিংয়ে আশ্রয় নিতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার বলেন, সকলের নিরাপত্তার জন্যই পুলিশ রাখা হয়েছে। পড়ুয়াদের আপত্তির জন্য সিসি ক্যামেরা বসানো যাচ্ছে না। তাই নিরাপত্তার জন্য ভিডিয়ো করার কথা বলা হয়েছে। উপাচার্য সন্তোষ আজমেরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষকরা এমন পরিস্থিতিতে কোথাও প্রতিনিধি না পাঠানোর পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শে মেনে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এফটিআই, ইটানগরের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এসআরএফটিআই, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া, জেএনইউ-সহ প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানে বিজেপি-আরএসএসের দখলদারির অভিযোগ নিয়ে সোচ্চার হলেন যাদবপুরের প্রাক্তন শিক্ষক, কর্মচারী ও পড়ুয়ারা। এদিন বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে ছিলেন তরুণ নস্কর, সুজাত ভদ্র, সৌমিত্র মিত্র প্রমুখ। সেখান থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা যাদবপুরের প্রাক্তন অধ্যাপক অমর্ত্য সেনের সংহতি বার্তা পড়ে শোনানো হয়।