Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে পঞ্চায়েত চত্বরের মধ্যেই হাতাহাতি, আহত ছয়

কাকদ্বীপে পঞ্চায়েত চত্বরের মধ্যেই হাতাহাতি, আহত ছয়
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণের ভিতরে তুমুল গণ্ডগোল। এমনকী দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। হাতাহাতির সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপরই ঠেলাঠেলি এবং পরে হাতাহাতি হয়। একজনকে বাঁশ দিয়েও মারতে দেখা গিয়েছে। যদিও ওই ভিডিও ‘বর্তমান’ যাচাই করেনি। 

Advertisement

এই ঘটনায় দুই পক্ষের প্রায় ছ’জন আহত হয়েছেন। তাঁদের তৎক্ষণাৎ উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে ভর্তি করা হয়েছে। আহতদের মাথা, হাতে ও পায়ে চোট লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিস। এলাকায় টহল দিচ্ছে পুলিস।
এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারদের অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাজের ই-টেন্ডার নোটিস বেরিয়েছিল। বেশ কয়েকজন অনলাইনে টেন্ডার জমা করেছিলেন। সোমবার দুপুর দুটো থেকে চারটের মধ্যে টেন্ডারের কপি পঞ্চায়েতে জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু টেন্ডার জমা করতে গেলে কয়েকজন মিলে তাঁদের দরজায় আটকে দেন। এরপরই তুমুল গণ্ডগোল বেঁধে যায় বলে জানিয়েছেন এক ঠিকাদার টিঙ্কু বলদার। অন্যদিকে, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা হালদার বলেন, টেন্ডার নিয়ে নয়, এদিন গোলমাল হয়েছে ত্রাণ বিলি নিয়ে। পঞ্চায়েতে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। ত্রিপল বিলির সময় হঠাৎই কয়েকজন পঞ্চায়েতের ভিতরে ঢুকে গিয়ে গণ্ডগোল শুরু করে দেন। এবিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিস তদন্তও শুরু করেছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ