নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মদ খাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর ঝামেলা চলছিল। কিছুদিন আগে মদ্যপানের প্রতিবাদ করায় পাড়ার একটি ছেলেকে মারধর করে অপর গোষ্ঠী। ছেলেটির পরিবার থানায় অভিযোগ জানায়। তার জেরে বুধবার দুপুরে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো ইটবৃষ্টি শুরু হয়। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার সর্দারপাড়ায়। পরিস্থিতি সামলাতে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। সংঘর্ষে দু’পক্ষের কমবেশি ১০ জন আহত হয়েছেন। দু’জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপানের পর প্রায়দিনই এলাকায় তান্ডব চালায় স্থানীয় একটি গোষ্ঠীর লোকজন। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে পাড়ার একটি ছেলেকে মারধর করে তারা। ডোমজুড় থানায় অভিযোগ জানাতেই আক্রমণকারী গোষ্ঠীর প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক ইট, পাথর, কাচের বোতল, লাঠি নিয়ে এলাকায় চড়াও হয়। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ইট ছোড়াছুড়ি। ডোমজুড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সংঘর্ষ অব্যাহত থাকে। এরপর র্যাফ নামিয়ে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বিকেলের পর ওই এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণেই এমনটা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি টহলদারি জারি থাকবে।’