আলমবাজারে বস্তির ঘর দখলকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ঝামেলা, উত্তেজনা
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আলমবাজারে বস্তির ঘরের দখলকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ঝামেলায় উত্তেজনা তৈরি হয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারপিটের অভিযোগ দায়ের করেছে। দক্ষিণেশ্বর থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

Advertisement

আলমবাজার আম্বেদকর কলোনির বাসিন্দা কার্তিক চৌধুরী বিজেপির ওবিসি সেলের কর্মকর্তা। অভিযোগ, তৃণমূল নেতৃত্ব আম্বেদকর কলোনিতে তাঁদের দু’টি বাড়ি দখল করে পার্টি অফিস ও স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছিল। পালাবদলের পর ওই দু’টি বাড়ি তাঁরা আবার দখল করে। ওই কলোনিতে বিজেপির আরেক নেত্রী প্রিয়াঙ্কা চক্রবর্তীর মামার বাড়িও একইভাবে দখল হয়েছিল বলে অভিযোগ। ওই ঘর তাঁরাও ফেরত নিয়ে ফুলের দোকান করেছেন। বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সম্প্রতি কার্তিকবাবুর ওই ঘর বিপক্ষ গোষ্ঠী নতুন করে দখল করতে চাইছে। এ নিয়ে বুধবার রাতে তীব্র উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, কার্তিকবাবু, তাঁর স্ত্রী, মা ও বাবাকে বেধড়ক মারধর করা হয়। মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কার্তিকবাবু বলেন, বহিরাগতদের এনে আমাদের ঘর জোর করে দখল করার চেষ্টা চলছে। ওরা বলছে, বিজেপির পার্টি অফিস হবে। আমার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। আমার পরিবার আক্রান্ত হয়েছে। অথচ, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমি থানায় অসীম দাস সহ মোট ১৩ জনের নামে অভিযোগ জানিয়েছি। অসীম দাস বিজেপির মণ্ডলের নেতা তথা ৪ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক। অসীমবাবু বলেন, ভিত্তিহীন অভিযোগ। আমার উপর কার্তিক দলবল এনে হামলা চালিয়েছে। মহিলাদের পর্যন্ত ছাড়েনি। ওরাই জোর করে ঘর দখল করছে। ওরা নতুন বিজেপি হয়ে পুরানো কর্মীদের উপর অত্যাচার করছে।