Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিছিল-অবরোধে লণ্ডভণ্ড শহর, নাকাল জনতা

মিছিল-অবরোধে লণ্ডভণ্ড শহর, নাকাল জনতা
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তা অবরোধ আর মিছিলের জেরে শুক্রবার যানজটে লণ্ডভণ্ড হল  শহর কলকাতা। লোকসভা ও রাজ্যসভায় মোদি সরকারের ওয়াকফ বিল পাশের প্রতিবাদে শুক্রবার দুপুরে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ে প্রায় দেড় হাজার মানুষ অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে সংলগ্ন এলাকায় রাস্তাগুলিতে যানজট হয়। যদিও সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের অফিসাররা ঘুরপথে যান চলাচল সচল রাখার চেষ্টা করেছেন। তাই স্কুল ছুটির সময়ে পার্ক সার্কাসে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারেনি। 

Advertisement

দুপুর সোয়া দুটো থেকে শুরু করে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত অবরোধ চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানোর পর অবরোধ ওঠে। এর ফলে গড়িয়াহাটের দিক থেকে আসা যানবাহন পার্ক সার্কাস হয়ে মা ফ্লাইওভারে উঠতে পারছিল না। ফলে পূর্ব কলকাতায় যেতে হলে এজেসি বোস রোড, মৌলালি হয়ে ঘুরপথে যেতে হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন পথে নামা জনতা। কলকাতা পুলিসের ডিসি ট্রাফিক ওয়াই এস জগন্নাথ রাও, যুগ্ম কমিশনার ট্রাফিক রূপেশ কুমার, অতিরিক্ত পুলিস কমিশনার ট্রাফিক শুভঙ্কর সিনহা সরকারের মতো পদস্থ কর্তারা এদিন পার্ক সার্কাসে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন। 
ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়্যার থেকে শুরু করে  সিমলা স্ট্রিট পর্যন্ত তৃণমূলের মিছিল জেরে শুক্রবার দুপুরে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, সূর্য সেন স্ট্রিট, বিবেকানন্দ রোডের মতো মধ্য কলকাতার ব্যস্ত রাস্তাগুলি যানজটের কবলে পড়ে। ফলে হাওড়ার দিক থেকে আসা বা হাওড়াগামী বাস–মিনিবাস যানজটে পড়ে। এতে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ