অর্ক দে, কলকাতা: রাজনীতির ময়দানে কাউন্সিলার হিসেবে হাতেখড়ি হয়ে বিধানসভায় উত্তরণ! এই কাহিনী নতুন নয়। অতীত থেকে বর্তমান-সব দল বরাবর বিধানসভা নির্বাচনের ময়দানে ভরসা রেখেছে স্থানীয় কাউন্সিলারদের উপরেই। আর এবারের ছাব্বিশের নির্বাচনে কলকাতার বুকে অবশ্যই এই লড়াইয়ে অন্যতম চমক জোড়াসাঁকো কেন্দ্র। সেখানে বিজয় ভার্সেস বিজয়ের লড়াই। একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় উপাধ্যায়, অপরজন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। দু’জনের কয়েকটি বিষয় কমন। দু’জনই জোড়াসাঁকো কেন্দ্রের ভূমিপুত্র ও কলকাতা পুরসভার পোড়খাওয়া কাউন্সিলার। স্বাভাবিকভাবেই জমজমাট লড়াই দেখতে মুখিয়ে হিন্দিভাষী অধ্যুষিত মধ্য কলকাতার এই অঞ্চলের ভোটাররা।
চলতি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে বামফ্রন্ট কিংবা বিজেপি, সকলেই ভরসা রেখেছেন স্থানীয় মুখ-কাউন্সিলারদের উপরেই। তবে এই ভরসা নতুন নয়। বরাবর কাউন্সিলারকে বিধায়ক হতে দেখেছে এই শহর। কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম, বেলগাছিয়া–কাশীপুরে অতীন ঘোষ, রাসবিহারীতে দেবাশিস কুমার, যাদবপুরে দেবব্রত মজুমদার এবং বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। একমাত্র বেলেঘাটার কাউন্সিলার-বিদায়ী বিধায়ক বর্ষীয়ান পরেশ পাল এবার আর প্রার্থী নন। অতীতে দলের কাউন্সিলার সন্তোষ পাঠককে বিধানসভা নির্বাচনে লড়িয়েছে কংগ্রেস। একইভাবে বিজেপি কাউন্সিলার সজল ঘোষকেও গত উপ-নির্বাচনের পর এবারও বরানগর বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি। এবার যেমন নির্বাচনের ময়দানে তৃণমূলের একদম নতুন মুখ কাউন্সিলার বিজয় উপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিজয় যখন জোড়াসাঁকোতে লড়ছেন, তেমনই বাবা স্বর্ণকমল সাহার ‘কর্মক্ষেত্র’ এন্টালির ভোট ময়দানে ঝাঁপিয়েছেন সন্দীপন।
অন্যদিকে, যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ছিলেন তিনি। পরে তাঁকে রাজ্যসভাতেও পাঠানো হয়েছিল। বেহালা পশ্চিমে সিপিএম প্রার্থী হয়েছেন নীহার ভক্ত। তিনি ২০১০-১৫ সময়কালে কলকাতা পুরসভার কাউন্সিলার ছিলেন। কলকাতা বন্দর কেন্দ্রে সিপিএমের প্রার্থী ফৈয়াজ আহমেদ খান, যিনি একাধিকবার কাউন্সিলার নির্বাচনে জয়ী হয়েছেন। বিকাশ ভট্টাচার্যের আমলে তিনি উদ্যান বিভাগের মেয়র পারিষদের দায়িত্বও সামলেছিলেন। এছাড়াও, কসবা কেন্দ্রে সিপিএম প্রার্থী করা হয়েছে দীপু দাসকে। তিনিও একাধিকবার কাউন্সিলার হয়েছেন। বেলেঘাটার সিপিএম প্রার্থী হয়েছেন পারমিতা রায়, যিনি অতীতে কাউন্সিলার ভোটে লড়েছিলেন। মানিকতলা কেন্দ্রটি সিপিআইকে ছেড়ে দিয়েছে সিপিএম। সেখানে সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষ, তিনিও অতীতে কাউন্সিলার ছিলেন।