নিজস্ব প্রতিনিধি, তমলুক: হাইকোর্টের নির্দেশে খেজুরি থানার পশ্চিম ভাঙনমারি গ্রামে জোড়া মৃত্যুর তদন্ত শুরু করল সিআইডি। সিআইডির হোমিসাইড শাখাকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিআইডির হোমিসাইড শাখা ও তমলুকের ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ইন্সপেক্টর (ডিডিআই) অফিস থেকে মোট ১০ জন অফিসার ও কর্মীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁরা প্রত্যক্ষদর্শী, খেজুরি থানার ওসি, তদন্তকারী অফিসারের বয়ান নথিভুক্ত করেন। প্রসঙ্গত, মৃতদেহ দু’টির দু’বার ময়নাতদন্ত হয়। তাতে দু’রকম রিপোর্ট আসে। প্রথমে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ ছিল ইলেকট্রিক শক। কিন্তু, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, দেহে আঘাত রয়েছে।



