কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা খেল রোহিতরা। দেশে ফিরে গেলেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। সূত্রের খবর, মরকেলের বাবার মৃত্যু হয়েছে। সেই কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হয়েছে প্রাক্তন প্রোটিয়া পেসারকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেতে ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুরু হয়ে গিয়েছে প্র্যাকটিসও। কিন্তু গতকাল, সোমবার দলের সঙ্গে দেখা যায়নি মরকেলকে। এরপরই এই খবর প্রকাশ্যে আসে। তবে তিনি ফের কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
Advertisement
আগামী কাল, বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা। তার আগে কোনও অনুশীলন ম্যাচ খেলবে না ভারত। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাই এবার পেস বোলিং-এর পুরো দায়িত্বই থাকবে মহম্মদ শামির কাঁধে। কিন্তু মরকেলের আচমকা দেশে ফিরে যাওয়ায় কৌশলগত দিক থেকে ভারতীয় শিবির কিছুটা ধাক্কা খেতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এখন দেখার বোলিং কোচ মরকেল কবে ভারতীয় শিবিরে যোগ দেন।



