Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

চ্যাম্পিয়ন সিন্ধু ও লক্ষ্য

চ্যাম্পিয়ন সিন্ধু ও লক্ষ্য
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: রবিবার ভারতীয় ব্যাডমিন্টনে সাফল্যের দিন। দীর্ঘ ট্রফির খরা কাটিয়ে সৈয়দ মোদি শিরোপা ঘরে তুললেন পিভি সিন্ধু। এদিন ওলিম্পিকসে জোড়া পদকজয়ী শাটলার স্ট্রেট গেমে হারান চীনের ওয়াউ লুও ইউ’কে। সার্বিকভাবে এই আসরে  তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৪, ২১-১৬। ওলিম্পিকসের ব্যর্থতা ঝেড়ে সাফল্যের সরণিতে ফিরলেন লক্ষ্য সেনও। ফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং জাসন থে’কে ২১-৬, ২১-৭ ব্যবধানে বশ মানান তিনি। পাশাপাশি, মহিলাদের ডাবলসেও ভারতের জয়জয়কার। চ্যাম্পিয়ন হলেন ত্রিশা জলি ও গায়েত্রী গোপিচাঁদ। তাঁদের জুটি ফাইনালে ২১-১৮, ২১-১১ গেমে হারাল চীনের বাও লি ও লি কিউয়ান জুটিকে। তবে হতাশ হতে হল পুরুষদের ডাবলসের ফাইনালে। শিরোপা নির্ণায়ক ম্যাচে দারুণ লড়াই করেও হার মানলেন পৃথ্বী কৃষ্ণমূর্তি ও সাই প্রতীক। 
Advertisement
চলতি বছরের শুরুতে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে পৌঁছেও খেতাব জয় অধরা ছিল সিন্ধুর। তারপর ধারাবাহিক ব্যর্থতা আর চোট সঙ্গী হয়েছিল। এর প্রভাব যেমন তারকা শাটলারের র‌্যাঙ্কিংয়ে পড়েছিল তেমনই আত্মবিশ্বাসও ধাক্কা খেয়েছিল। অক্টোবরে ডেনমার্ক ওপেনে তাঁর লড়াই থেমেছিল শেষ আটে। তার আগে ওলিম্পিকসেও হতাশ করেন হায়দরাবাদি। তাই সৈয়দ মোদির এই খেতাব হয়ে উঠল সিন্ধুর ছন্দে ফেরার মঞ্চ। ২০২২ সালের জুলাইয়ে শেষবার শিরোপা জিতেছিলেন তিনি। সেই সিঙ্গাপুর ওপেন জয়ের ২৮ মাস পর ফের ট্রফি এল তাঁর হাতে। হাসি ফোটালেন লক্ষ্য সেনও। প্যারিস গেমসে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল পদক। আশা জাগিয়েও লক্ষ্যপূরণ হয়নি। তাই বছরের শেষে এই জয় খুব গুরুত্বপূর্ণ ২৩ বছর বয়সির কাছে। আগামী মরশুমে যা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।  
সম্পর্কিত সংবাদ