নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চতুর্থ শ্রেণির এক ছাত্রকে জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্র টিফিনের সময় দুষ্টুমি করা সাজা হিসেবে প্রধান শিক্ষক তাকে জুতো দিয়ে মারেন। নিমেষে এই খবর রটে যায় বন্ধুদের মধ্যে। অভিভাবকরাও জুতো দিয়ে মারার কথা জেনে যান। ওই ছাত্রের দাদা খবর পেয়ে স্কুলে এসে জানতে পারে, ক্লাসরুমের দরজা ভিতর থেকে বন্ধ করে খেলছিল ভাই ও তার বন্ধুরা। সেই সময় ভাইয়েরা খেলা নিয়ে এতটাই মত্ত ছিল যে, প্রধান শিক্ষক এসে দরজা খুলতে বললেও তারা খোলেনি। প্রধান শিক্ষক ভাইকে জুতো দিয়ে মারার পাশাপাশি লাথি, ঘুসি, চড় মারেন বলে অভিযোগ।
Advertisement
ওই ছাত্রের বাবা বলেন, যদি দুষ্টুমি করে থাকে, তাহলে কি এভাবে মারা যায়? আমি থানায় অভিযোগ জানিয়েছি। প্রধান শিক্ষকের শাস্তি চাই। ওর মা মারা গিয়েছেন। মাতৃস্নেহ থেকে বঞ্চিত বছর দশেকের ওই পড়ুয়া আতঙ্কে এখন স্কুলে যেতে চাইছে না। অন্য ছাত্ররাও ভয় পাচ্ছে বলে জানিয়েছেন অন্য অভিভাবকরা। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, এই ঘটনায় তিনি ক্ষমাপ্রার্থী। আসলে দরজা এমনভাবে লাগিয়েছিল যে, খোলা যাচ্ছিল না। দু’জন শিক্ষককে ডেকে এনে শেষ অবধি ওই দরজা ভাঙতে হয়েছে। হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ায় ওই ছাত্রকে মেরেছি। আমি অনুতপ্ত।



