নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড সংক্রান্ত ক্ষতিপূরণ কমিটি নিয়ে প্রশ্নের উত্তর দিতে নির্দেশ মতো বৃস্পতিবার হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগে অভিযোগ ওঠে বিভন্ন চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য হাইকোর্ট যে কমিটিগুলি গঠন করে দিয়েছে সেই কমিটিগুলিকে রাজ্য সরকার সাহায্য করছে না। দিনের পর দিন সেই কমিটিতে নিয়োগ না হওয়ায় কাজ এগচ্ছে না বলেও অভিযোগ ওঠে। এমনকী কমিটির কাজ চালাতে পরিকাঠামোগত সাহায্যও করা হচ্ছে না। যার জেরে স্বরাষ্ট্র সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। সেইমতো এদিন ভার্চুয়ালি হাজিরা দেন তিনি।
Advertisement
এদিন রিপোর্ট দিয়ে রাজ্য জানিয়েছে, ছ’টি শূন্যপদ পূরণ হয়েছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা দ্রুত নিয়োগ করছি। কোন কোন শূন্যপদে নিয়োগ করা হল, তা পরবর্তী শুনানিতে জানাবে রাজ্য। বিচারপতি জানান, যাতে কাজের প্রতিফলন দেখা যায়, সে কারণেই স্বরাষ্ট্র সচিবকে হাজির থাকতে বলা হয়েছিল। কমিটিতে যাতে নোডাল অফিসার দ্রুত নিয়োগ করা হয়, সেই মর্মে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। স্টেনোগ্রাফার এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা খুব দরকার বলেও মন্তব্য করেন বিচারপতি। এই মামলায় রাজ্যের বিরুদ্ধে ছিল, কমিটির নতুন চেয়ারম্যানকে সাম্মানিক দেওয়া হচ্ছে না। আগের চেয়ারম্যানেরও মোটা টাকা বকেয়া রয়েছে। আগামী সপ্তাহে রিপোর্ট দেবে রাজ্য।



