Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা স্বপন সাহার

চেয়ারম্যান পদ থেকে অবশেষে ইস্তফা স্বপন সাহার
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: দল থেকে সাসপেন্ড হওয়ার চার মাস পর অবশেষে  শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে এদিন কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি। এদিকে, দল সূত্রে জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যে নতুনভাবে বোর্ড মিটিংয়ের পর চেয়ারম্যানের পদে শপথ গ্রহণ করবেন বর্তমান ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। 
Advertisement
প্রসঙ্গত, মাল পুরসভার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠায় সেপ্টেম্বর মাসে চেয়ারম্যান স্বপন সাহাকে তৃণমূল  নেতৃত্ব  দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করে। পুরসভা পরিচালনার জন্য ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়িকে দায়িত্ব দেয় দল। কিন্তু দল সাসপেন্ড করলেও স্বপন সাহা অসুস্থতার কারণ দেখিয়ে সাময়িক ছুটি নেন। কিন্তু চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি। দুর্গাপুজো, কালীপুজো মিটে যাওয়ার পর স্বপনবাবু আবার পুরসভায় যাতায়াত শুরু করেন এবং পুরসভা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ। বিভিন্ন পরিস্থিতিতে ভাইস চেয়ারম্যান তারপর থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি পাঠান। যদিও দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি। 
এরপরেই দলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ লাটাগুড়িতে তাঁর বাড়িতে মাল পুরসভার কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর জেলা সভানেত্রী জানিয়ে দেন উৎপল ভাদুড়ি চেয়ারম্যান হচ্ছেন। এরপর স্বপন সাহা তাঁর পদত্যাগপত্র ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জমা দেন। পুরসভায় পদত্যাগপত্র না দেওয়ার জটিলতা সৃষ্টি হচ্ছিল। শুক্রবার সব জল্পনা কল্পনার অবসান হয়। স্বপনবাবু বোর্ড মিটিং ডেকে তাঁর ইস্তফাপত্র বোর্ড অব কাউন্সিলারদের সামনে জমা দেন। তার কপি পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে জমা দিয়ে বেরিয়ে আসেন। এরপরই কেঁদে ফেলেন তিনি। বলেন, আমি আমার ইস্তফাপত্র বোর্ড অব কাউন্সিলারদের কাছে জমা দিয়েছি। নতুন যাঁরা আসবেন তাঁদের প্রতি শুভেচ্ছা রইল। 
ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, আগামী সাত দিনের মধ্যেই বোর্ড মিটিং ডেকে চেয়ারম্যান কে হবেন তা জানিয়ে দেওয়া হবে। কাউন্সিলার পুলিন গোলদার অবশ্য বলেন, দল উৎপল ভাদুড়িকে চেয়ারম্যান মনোনীত করেছে। উনিই আগামী সপ্তাহে চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করবেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ