নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পশ্চিমবঙ্গ চারুকলা পর্ষদ আয়োজিত পাঁচদিনের আবাসিক শিল্প কর্মশালা শনিবার শেষ হয়েছে। উদীয়মান একঝাঁক শিল্পীকে প্রবীণ ও খ্যাতনামা শিল্পীরা প্রশিক্ষণ দিয়েছেন। ওই প্রশিক্ষণ নিয়েছেন রাজ্যের ২৩ জন চিত্রশিল্পী ও ভাস্কর। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চন্দননগরের জ্যোতিরিন্দ্র সভাগৃহে ১১ ফ্রেব্রুয়ারি ওই শিবির শুরু হয়েছিল। অন্যতম প্রশিক্ষক শিল্পী হারিট বসু বলেন, এভাবেই নতুন প্রজন্ম তুলে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাতে বাংলার শিল্পীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রসঙ্গত, ৫০ জন আগ্রহীকে প্রাথমিক বাছাই করা হয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জন প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। প্রত্যেককে শংসাপত্রও দেওয়া হয়েছে।



