নিজস্ব প্রতিনিধি, বরানগর: চার কাঠার বেশি জমিতে নির্মাণ কাজ হলে তাতে বাধ্যতামূলকভাবে গাছ লাগাতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তর দমদম পুরসভা। বিল্ডিংয়ের নকশা অনুমোদনের সময় গাছ লাগানোর বিষয়টি উল্লেখ করতে হবে। পুরসভার দাবি, সবুজায়নের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শহরবাসীর দাবি, নতুন গাছ লাগানোর পাশাপাশি জলাশয় ও জলা জমি ভরাট বন্ধ করতে হবে। উত্তর ২৪ পরগনা জেলার শহরাঞ্চলে দ্রুততার সঙ্গে জলাশয়, জলাভূমি ও সবুজ ধ্বংস হচ্ছে। সর্বত্র মাথা তুলছে আকাশচুম্বী বহুতল। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলা গজিয়ে উঠছে আবাসন। অনেক জায়গায় ছোট পুকুরও ভরাট করা হচ্ছে। দেদারে কাটা হচ্ছে গাছ। বর্ষার সময় পুরসভাগুলি ঢাকঢোল পিটিয়ে চারাগাছ রোপণ করলেও সেই গাছ কত মাস বেঁচে থাকছে, তার খোঁজ কেউ রাখে না। ফলে যতদিন যাচ্ছে, চারাগাছের সংখ্যা কমছে। এই পরিস্থিতিতে উত্তর দমদম পুরসভার এই উদ্যোগে কিছুটা হলেও আশা দেখছেন পরিবেশবিদরা।
Advertisement
বাসিন্দাদের দাবি, শহরজুড়ে যেসব প্রাচীন গাছ রয়েছে, তা হয় কেটে দেওয়া হচ্ছে, না হলে পেরেক পুঁতে বিজ্ঞাপন সাঁটানো হচ্ছে। ডালপালা কাটার নাম করে আস্ত গাছ কেটে দেওয়া হচ্ছে। এই ধরণের প্রবণতা বন্ধ করার পাশাপাশি নতুন গাছ লাগানো প্রয়োজন। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, সবুজ রক্ষা ও সবুজ বৃদ্ধি উভয় ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে। সেকারণে পর্যায়ক্রমে একাধিক পরিকল্পনা করা হচ্ছে। শহরজুড়ে বৃক্ষরোপণ হচ্ছে। চার কাঠার বেশি জমিতে নির্মাণ হলে, সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



