Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরি করে পালাতে গিয়ে পেট্রল শেষ, রাস্তায় বাইক ফেলে চম্পট দুষ্কৃতী দল

চুরি করে পালাতে গিয়ে পেট্রল শেষ, রাস্তায় বাইক ফেলে চম্পট দুষ্কৃতী দল
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কলকাতার মানিকতলা থেকে সল্টলেকে বাইক চুরি করতে গিয়েছিল তিন যুবক। শীতের রাতে বা঩ড়ি ঢুকে চুরিও করে ফেলে একটি দামি বাইক। কিন্তু, সেই চুরির বাইক নিয়ে মানিকতলায় ফিরতে গিয়েই বিপত্তি। সল্টলেক থেকে ফুলবাগানে এসেই শেষ হয়ে যায় বাইকের পেট্রল! মাঝরাতে ঠেলে নিয়ে গেলে পুলিসের হাতে ধরা পড়ার ভয়। অগত্যা রাস্তার ধারে বাইক ফেলে রেখেই চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে তিনজনকেই গ্রেপ্তার করল সল্টলেকের বিধাননগর উত্তর থানার পুলিস। তাদের জেরা করে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি রাতে বিধাননগর উত্তর থানার অন্তর্গত সল্টলেকের ‘সি-ই’ ব্লক থেকে বাইকটি চুরি যায়। পরদিন বাইকের মালিক বিধাননগর উত্তর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। সল্টলেকের বেশিরভাগ রাস্তায় এখন সিসি ক্যামেরা রয়েছে। পুলিস ওই ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায়, একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসেছিল। ভোর ৩টে ১৫ থেকে সাড়ে তিনটের মধ্যে তারা দামি বাইকটি চুরি করে। তারপর নিজেদের আনা বাইকে দু’জন চেপে চলে যায়। চুরির দামি বাইকটি নিয়ে একজন একা ফিরছিল। তখনই ফুরিয়ে যায় পেট্রল। 
রবিবার রাতে পুলিস মানিকতলা এলাকা থেকে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করে। সোমবার তাদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। বাইকটি উদ্ধার করার জন্য পুলিস তাদের তিনজনকেই তিনদিনের পুলিসি হেফাজতে নেয়। মঙ্গলবার বাইকটি উদ্ধার হয়। ধৃতরা জেরায় পুলিসকে জানিয়েছে, বাইকটি ফুলবাগানের একটি গলিতে গিয়ে বন্ধ হয়ে যায়। বারবার স্টার্ট করার চেষ্টা করেও লাভ হয়নি। দেখা যায় পেট্রল শেষ! তখন সেখানেই তারা বাইকটি রেখে পালিয়ে যায়। পেট্রল শেষ না হলে? পুলিসের প্রশ্নে অভিযুক্তের সটান উত্তর, ‘স্যার নিয়ে পালাতাম’!
Advertisement
সম্পর্কিত সংবাদ