নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই। যুব ডার্বিও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার বারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে ২-১ গোলে হারায় বিনো জর্জের দল। প্রথমার্ধের ৩৪ মিনিটে জাল কাঁপিয়ে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন আরোমল (১-০)। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান শ্যামল বেসরা (২-০)। মোহন বাগানের গোলদাতা দর্জি তামাং (২-১)। নৈহাটিতে প্রথম পর্বের ম্যাচে জয় পায় ডেগি কার্ডোজের মোহন বাগান। মঙ্গলবার মধুর প্রতিশোধ নিলেন নাসিব, গৌরবরা। চড়া মেজাজের ম্যাচের রাশ রাখতে বেশ কয়েকটি হলুদ কার্ড দেখান রেফারি।
বারাকপুরে শুরুতে দাপট ছিল মোহন বাগানের। এই পর্বে সেরতোর পেনাল্টি রুখে দেন লাল-হলুদ গোলরক্ষক গৌরব সাউ। এরপরেই দ্বিগুণ উৎসাহে ম্যাচে ফিরে আসে ইস্ট বেঙ্গল। হরিপালের গৌরব গোটা ম্যাচেই ভরসা দিলেন। ডার্বি জিতে উচ্ছ্বসিত বিনো জর্জ। এর আগে তাঁর কোচিংয়ে ঘরোয়া লিগের ডার্বিও পকেটে পোরেন বিষ্ণুরা। অন্যদিকে, খারাপ রেফারিংয়ের অভিযোগে ক্ষুব্ধ মোহন বাগান কোচ ডেগি কার্ডোজো। তাঁর দাবি, নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দল।
ইস্ট বেঙ্গল- ২ : মোহন বাগান- ১