চোরবাগান: জখমদের তথ্য যাচাই হয়নি, ক্ষতিপূরণের চেক পড়ে আছে পুরসভায়
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ৩১ জন। ঘটনায় মৃত ও আহতদের পরিবারের হাতে ইতিমধ্যে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে আটজন আহত ব্যাক্তিকে এখনও আর্থিক সাহায্য দেওয়া যায়নি। চেক তৈরি হয় পড়েই আছে কলকাতা পুরসভায়।

Advertisement

উল্লেখ্য, চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশ ও পুজো কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পরেই নড়েচড়ে বসে নবান্ন। ভিড় সামাল দিতে একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তাকে নামানো হয়েছিল রাস্তায়। ঘটনার তদন্ত এখনও চলছে। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। এমনকি, ওই পুজোর থিমশিল্পী সুশান্ত শিবানী পালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন আহতদের প্রথমে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে অনেকেরই আঘাত গুরুতর ছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। পরবর্তী সময়ে আরও ভালো চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। সেখানে কিছুদিন চিকিৎসা চলে। সুস্থ হয়ে বাড়ি ফেরেন সবাই। ইতিমধ্যে মৃত ১৯ জনের পরিবারের হাতে সরকারের দেওয়া সাহায্যের ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, আহত অবস্থায় ৩১ জনের চিকিৎসা চলছিল। তাঁদের মধ্যে ২৩ জনের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বাকি আটজন অসুস্থ ব্যক্তির বিষদ তথ্য লালবাজার পুরসভাকে দিতে পারেনি। ফলে এখনও সেই আটটি চেক পুরসভার কাছে পড়ে রয়েছে।  
প্রশ্ন উঠছে, চোরবাগান-কাণ্ডে মৃত এবং চিকিৎসাধীন সবার তথ্য যদি হাসপাতাল ও পুলিশ সংগ্রহ করে থাকে, তাহলে আটজনের তথ্য পাওয়া যাচ্ছে না কেন? এক পুরকর্তা বলেন, ‘আমাদের কাছে যেমন নামসহ বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে, আমরা সেই মতো চেক রেডি করেছি। অসুস্থ আটজনের প্রয়োজনীয় তথ্য পুলিশ কেন দিতে পারছে না, কবে দেবে, তা স্পষ্ট নয়। ফলে তাঁদের চেক দেওয়া যায়নি।’ কলকাতা পুলিশের দাবি, এই জখমদের তথ্য যাচাই প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি। আহতদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও অনেকের নাম-পরিচয়ের প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়নি। সেসব হাতে এলেই যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।