Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

চন্দ্রর রহস্যমৃত্যু

চন্দ্রর রহস্যমৃত্যু
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
তাঁর হাতে গিটার যেন কথা বলত। ফসিলস ব্যান্ডের সেই প্রাক্তন ‘জাদুকর’ বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের (চন্দ্র) রহস্যমৃত্যুই তোলপাড় ফেলে দিল। বয়স হয়েছিল ৪৮। রবিবার দুপুরে কলকাতার তালতলার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ফসিলসে যোগ দিয়েছিলেন গিটারিস্ট হিসেবে। পরে ব্যান্ডের বেসিস্ট হন। সেই সময় ফসিলস খ্যাতির মধ্যগগনে। একসময় রূপম ইসলাম জানিয়েছিলেন, চন্দ্রকে ছাড়া ব্যান্ড চালিয়ে নিয়ে যাওয়া একপ্রকার অসম্ভব। পরে অবশ্য শারীরিক সমস্যার জন্য ছেড়ে দেন ফসিলস। সেটা ২০১৮ সাল। ‘গোলক’, ‘জম্বি কেজ কন্ট্রোল’-এর মতো ব্যান্ডের বেসিস্ট ছিলেন তিনি।  
Advertisement
রবিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলেছিলেন। তার কিছুক্ষণের মধ্যে এমন খবরে ভেঙে পড়েন রকপ্রেমীরা। এদিন কল্যাণীতে ফসিলস-এর পারফরম্যান্স ছিল। ফসিলস-এর ম্যানেজার রূপসা দাশগুপ্ত সমাজমাধ্যমে লিখেছেন, ’২৭ বছরে এটা আমাদের সবচেয়ে কঠিন পারফরম্যান্স হতে চলেছে।’ এদিন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে ছিলেন না। সকাল থেকে ফোনেও পাওয়া যাচ্ছিল না তাঁকে। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ‘গোলক’-এর শিল্পী মহুল চক্রবর্তী। খোঁজ নিতে যান তিনি। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রকে। 
পড়াশোনায় তুখোড় চন্দ্র ইঞ্জিনিয়ারিং ছেড়েছিলেন মিউজিককে ভালোবেসে। তাঁর মৃত্যুসংবাদ স্তম্ভিত করেছে তরুণ প্রজন্মকে। একটা গানই বারবার ঘুরেফিরে আসছে— ‘কেন করলে এরকম, বলো?’
সম্পর্কিত সংবাদ