Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চীনা পিস্তলের আদলে স্টারমার্ক থাকা আগ্নেয়াস্ত্রের রমরমা

পোশাক থেকে জুতো-সবেতেই এখন ব্র্যান্ডের ছোঁয়া। অন্ধকার জগতেও এবার তৈরি হয়েছে ব্র্যান্ড। ডোমকল মহকুমায় দুষ্কৃতীদের কাছে মুঙ্গেরে তৈরি স্টারমার্ক দেওয়া দেশি পিস্তলের চাহিদা বাড়ছে। কয়েকদিন আগে জলঙ্গির পর এবার ডোমকলেও এই স্টারমার্ক দেওয়া পিস্তল উদ্ধার হয়

চীনা পিস্তলের আদলে স্টারমার্ক থাকা আগ্নেয়াস্ত্রের রমরমা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: পোশাক থেকে জুতো-সবেতেই এখন ব্র্যান্ডের ছোঁয়া। অন্ধকার জগতেও এবার তৈরি হয়েছে ব্র্যান্ড। ডোমকল মহকুমায় দুষ্কৃতীদের কাছে মুঙ্গেরে তৈরি স্টারমার্ক দেওয়া দেশি পিস্তলের চাহিদা বাড়ছে। কয়েকদিন আগে জলঙ্গির পর এবার ডোমকলেও এই স্টারমার্ক দেওয়া পিস্তল উদ্ধার হয়। বুধবার ভোরে ডোমকল বাসস্ট্যান্ডে হানা দিয়ে ওই পিস্তল সহ একজনকে পাকড়াও করেছে জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং ডোমকল থানার একটি দল। পুলিস জানিয়েছে, ধৃত আবদুল জাফ্ফরের বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ায়।
Advertisement
ডোমকল মহকুমার রানিনগর, জলঙ্গি, ডোমকল, সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার লেগেই থাকে। এখানে দুষ্কৃতীদের দেশি কাট্টাই বরাবর পছন্দ। তবে ইদানিং সেমি অটোমেটিক পিস্তলের ব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, এখন এসব এলাকায় স্টারমার্ক দেওয়া সেভেন এমএম পিস্তলের রমরমা। এই পিস্তলের প্রায় ২৫-৩০ মিটার রেঞ্জ থাকে। শক্তপোক্ত পিস্তলটির রং, ফিনিশিংও ভালো। পিস্তলের হাতলের উপর থাকে স্টারমার্ক।
কিন্তু কেন হঠাৎ এই আগ্নেয়াস্ত্রের চাহিদা বাড়ছে? পুলিস কর্তাদের বক্তব্য, অপরাধ জগতে চীনা স্টার লোগোওয়ালা ৩৪ বোরের আগ্নেয়াস্ত্রের নিজস্ব পরিচিতি রয়েছে। দেশিয় পদ্ধতিতে তৈরি এই আগ্নেয়াস্ত্রেরও ওই চীনা পিস্তলের মতো ব্র্যান্ড হিসেবে পরিচিতি গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এতে এই আগ্নেয়াস্ত্র চড়া দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।
অপরাধ জগতে নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে এই পিস্তল। চীনা পিস্তলটির মতো লোগো থাকায় অপরাধ জগতে এটি আলাদা গুরুত্ব পাচ্ছে। সেজন্য ভালো দর হাঁকাচ্ছে অস্ত্র কারবারিরা। সূত্রের খবর, এক একটি দেশি স্টারমার্ক দেওয়া পিস্তল প্রায় ৫০হাজার টাকায় বিক্রি হচ্ছে।
বুধবার রাতে জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডোমকল থানার কাছে খবর আসে, ডোমকল বাসস্ট্যান্ডে একটি আগ্নেয়াস্ত্র হাতবদল হতে পারে। তারপরই সেখানে লুকিয়ে নজরদারি শুরু করে পুলিসের টিম। সেসময় বাসস্ট্যান্ডে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে কথায় অসঙ্গতি ধরা পড়ে। শেষে তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। কয়েকদিন আগেও জলঙ্গিতে দু’টি পিস্তল সহ একজনকে পুলিস পাকড়াও করেছিল। তার কাছেও একটি স্টারমার্ক দেওয়া দেশি পিস্তল পাওয়া গিয়েছিল। পুলিস জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের রমরমা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ