নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরের চুক্তিভিত্তিক কর্মীদের নানাভাবে অপমান করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করে সোমবার কলকাতা বিমানবন্দরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল আইএনটিটিইউসি অনুমোদিত ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কন্ট্রাকটরস ওয়াকার্স ইউনিয়ন’। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনের কর্মীরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয় এদিন। বিমানবন্দরের মূল কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সভাও হয়। ডেপুটেশনে লেখা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মচারীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এমনকী মানসিক নির্যাতন করা হচ্ছে তাঁদের। চুক্তিভিত্তিক কর্মীদের প্রাপ্য ছুটি দেওয়া হচ্ছে না। ঋতব্রত বলেন, ‘বিমানবন্দরের কর্মীদের পাশে আমরা সর্বেতোভাবে রয়েছি। কর্মীদের স্বার্থে লড়াই করব।’ তিনি ছাড়াও এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরবিন্দ মজুমদার, বরুণ নট্ট প্রমুখ।



