Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চিকিৎসার নামে প্রতারণা: বিপুল টাকা খোয়ালেন দম্পতি, ধৃত এক

চিকিৎসার নামে প্রতারণা: বিপুল টাকা খোয়ালেন দম্পতি, ধৃত এক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ইউনানি চিকিৎসার নামে প্রতারণা শহর কলকাতায়। এই ঘটনায় মিডলটন রো থেকে মহম্মদ সালাম নামে এক ভুয়ো ইউনানি চিকিৎসককে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিস। বাজেয়াপ্ত হয়েছে প্রতারণার লক্ষাধিক টাকা। তদন্তকারীদের অনুমান, এর নেপথ্যে রয়েছে রাজস্থানি গ্যাং। তাদের চাঁইদের ধরতে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, মিডিলটন রো এলাকার বাসিন্দা কৈলাসকুমার আগরওয়ালের স্ত্রী দীর্ঘদিন ধরে স্কিন পিগমেনটেশনের সমস্যায় ভুগছেন। স্ত্রীর চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে গত ১৭ জানুয়ারি রাহুল আগরওয়াল নামের এক পরিচিতের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে রাহুলবাবু তাঁকে ডাঃ জেরিওয়ালা নামের এক পার্সি চিকিৎসকের সন্ধান দেন। তিনি জানান, ইউনানি চিকিৎসার মাধ্যমে তাঁর স্ত্রীর স্কিন পিগমেন্টেশনের সমস্যা দূর করেছেন ওই চিকিৎসক। পরিচিতের কথায় আশ্বস্ত হয়ে কৈলাসবাবু জেরিওয়ালার সঙ্গে যোগাযোগ করেন। বলা হয়, চারদিনের মধ্যেই সেরে উঠবেন রোগী। এজন্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা দাবি করে সে। সেইমতো চিকিৎসাও শুরু হয়। কিন্তু কোনও সুফল না মেলায় প্রতারিত পরিবারটি শেক্সপিয়ার সরণি থানার দ্বারস্থ হয়। তদন্তের ভার পড়ে দীপ্তিময় ঘোষের উপর। পুলিস জানতে পারে, কলকাতায় একটি রাজস্থানি গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। এরা মূলত ইউনানি চিকিৎসার নামে রোগীদের টোপ দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে চলেছে। সেইমতো মিডিলটন রো এলাকার অভিযান চালিয়ে মহম্মদ সালাম নামের রাজস্থানের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিস । প্রচুর ভুয়ো আইকার্ড ও ভিজিটিং কার্ডও মিলেছে।  পাশাপাশি প্রতারিত দম্পতির ১ লক্ষ ৩৯ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ