Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসা বর্জ্য চুরি করে বাইরে বিক্রি, গ্রেপ্তার ১

চিকিৎসা বর্জ্য চুরি করে বাইরে বিক্রি, গ্রেপ্তার ১
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: হাসপাতাল চত্বরে খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে চিকিৎসা বর্জ্য। সেখান থেকে ব্যবহৃত স্যালাইনের বোতল, ইঞ্জেকশনের সিরিঞ্জ সহ নানা ধরনের চিকিৎসা বর্জ্য চুরির অভিযোগে মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের পাশে চিকিৎসা বর্জ্য ফেলা হয়। বহিরাগতরা সেখানে নোংরা ছড়িয়ে চিকিৎসা বর্জ্য নিয়ে গিয়ে বাইরে বিক্রি করছে। কিছুদিন আগেও চিকিৎসা বর্জ্য চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরেও এমন কার্যকলাপ বন্ধ হয়নি। 
এদিন একদল মহিলা ও এক যুবক চিকিৎসা বর্জ্যের স্তূপ ঘেটে ব্যবহৃত স্যালাইনের বোতল,  ইঞ্জেকশনের সিরিঞ্জ, গ্লাভস নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মেডিক্যাল ফাঁড়ির পুলিস হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে। এভাবে চিকিৎসা বর্জ্য নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। এই বর্জ্য থেকে যেকোনও মুহূর্তে বড় ধরনের সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এতে যে পরিবেশ দূষিত হচ্ছে সেটা স্বীকার করে নিয়েছেন। 
বিপজ্জনক জেনেও চিকিৎসা বর্জ্য কেন এভাবে উন্মুক্ত জায়গায় ফেলে রাখা হচ্ছে দিনের পর দিন, এই প্রশ্নের উত্তরে সুপার বলেন, একটি এজেন্সি এই চিকিৎসা বর্জ্য নিয়ে যায় বিকেলের পর। সারাদিন বিভিন্ন ওয়ার্ড থেকে চিকিৎসা বর্জ্য ওই নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। আমাদের সিসি ক্যামেরায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিসকেও দেখতে বলা হয়েছে। 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ লাগোয়া কলামজোতের যুবক গোবিন্দ সাহানিকে পুলিস ধরে জিজ্ঞাসাবাদ করে। যুবক জেরায় স্বীকার করেছে, আগেও চিকিৎসা বর্জ্য চুরি করতে এসে সে পুলিসের হাতে ধরা পড়েছিল। এখান থেকে ব্যবহৃত স্যালাইনের বোতল সহ বিভিন্ন চিকিৎসা বর্জ্য নিয়ে গিয়ে বিক্রি করেছে। স্যালাইনের বোতল ৩৮ টাকা এবং গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ ১৪ টাকা কেজি দরে বিক্রি করার কথা সে জানায়। 
সুপার বলেন, চিকিৎসা বর্জ্য যাতে এভাবে সাধারণ মানুষের হাতে না যায় সেব্যাপারে নজর দেব। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে এ ধরনের কার্যকলাপ দেখলে তা রুখতে। পুলিস জানিয়েছে, ধৃতকে বুধবার আদালতে পাঠানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ