নিজস্ব প্রতিনিধি, তমলুক: উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরনো খুনের মামলায় কাল রাতে গ্রেপ্তার করে চণ্ডীপুর থানার পুলিশ। আজ শনিবার তাঁকে হলদিয়া এসজিএম আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, ২০০৭ সালে নন্দীগ্রাম জমি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মিলন প্রধান। সেইসময় অন্যান্য আন্দোলনকারীদের মতো তাঁর বিরুদ্ধেও খুন, অস্ত্র আইন সহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। আর এইবার সেই সময়ের পুরোনো খুনের মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। উপনির্বাচনের আগে প্রার্থী গ্রেপ্তার হওয়ায় প্রচারে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ আদালতে পেশ করার সময় মিলন প্রধান বলেন, নন্দীগ্রামে বিজেপি বিরোধী হাওয়া প্রবল বইছে। সেই কারণে বিজেপি ভয় পেয়েছে। আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর জবাব যথাযথ উপনির্বাচনে পাবে বিজেপি। পাশাপাশি এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার জানান, নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর সামনে অনেকে দাঁড়ানোয় ভয় পেয়েছে বিজেপি। তাই মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র কংগ্রেস করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হল। এভাবে কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। কংগ্রেসকে হারানো যাবে না।