সংবাদদাতা, কল্যাণী: চাকদহে ছিনতাইয়ের অভিযোগে ধৃত ২ যুবকের কাছ থেকে পাঁচটি মোবাইল ও একটি স্কুটি উদ্ধার করেছে পুলিস। রবিবার তাদের স্থানীয় মালোপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম প্রদীপ হালদার ও দিবাকর বিশ্বাস। তাদের জেরা করে বুধবার রাতে মোবাইল ও স্কুটি উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে, চাকদহ শহরের অলিগলিতে স্কুটি নিয়ে ঘুরে বেড়াত দুই অভিযুক্ত। নির্জন রাস্তায় কেউ মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে গেলে মূলত তাঁদেরই টার্গেট করে মোবাইল ছিনতাই করত তারা।



