Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘এমন ব্যর্থ সরকারকে সমর্থনের জন্য দুঃখিত’, ভোটের আগে নীতীশ বিরোধিতা চিরাগের

প্রতিদিন খুনোখুনি, ডাকাতি, ছিনতাই। ব্যবসায়ী থেকে শুরু করে হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে গুলি। এবার হোমগার্ডের পরীক্ষা দিতে আসা অসুস্থ এক মহিলাকে অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ।

‘এমন ব্যর্থ সরকারকে সমর্থনের জন্য দুঃখিত’, ভোটের আগে নীতীশ বিরোধিতা চিরাগের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: প্রতিদিন খুনোখুনি, ডাকাতি, ছিনতাই। ব্যবসায়ী থেকে শুরু করে হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে গুলি। এবার হোমগার্ডের পরীক্ষা দিতে আসা অসুস্থ এক মহিলাকে অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ। এনডিএ শাসনে বিহার যেন অপরাধীদের স্বর্গর‌াজ্য হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি নিয়ে এবার নীতীশ কুমারের সরকারকে বিঁধলেন এনডিএ-র শরিক লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসোয়ান। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ নীতীশ সরকার। আর এরকম ব্যর্থ সরকারকে সমর্থন করার জন্য অত্যন্ত দুঃখিত।’ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে চিরাগের মন্তব্য এনডিএ শিবিরের ফাটল আরও চওড়া করল বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ২০২০ সালের নির্বাচনের ছবি ফিরতে চলেছে বিহারে? এবারও এনডিএ ছেড়ে একক শক্তিতে লড়াইয়ের দিকে এগচ্ছেন চিরাগ?

Advertisement

বিহারের আইনশৃঙ্খলার অবনতির জন্য নীতীশ সরকারকে কাঠগড়ায় তুলে জোটের টানাপোড়েন বাড়িয়ে দিয়েছেন চিরাগ। এদিন চিরাগ বলেন, ‘আসন্ন ভোটের আগে রাজ্যে অপরাধ বেড়েছে। অনেকেই বলছেন, বর্তমান সরকারকে কলঙ্কিত করতে কেউ বা কারা এই চেষ্টা চালাচ্ছে। কিন্তু সমস্ত অপরাধ কড়া হাতে দমন করার দায়িত্ব রাজ্যের প্রশাসন ও সরকারের। আর সেই কাজে সম্পূর্ণ ব্যর্থ নীতীশ সরকার। এমন ব্যর্থ সরকারকে সমর্থন করার জন্য আমি দুঃখিত।’ ভোটের আগে চিরাগের এহেন মন্তব্য বিরোধীদের অক্সিজেন জুগিয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে সখ্যতা থাকলেও নীতীশ কুমারের সঙ্গে চিরাগের সংঘাত পুরনো। গত বিধানসভা ভোটই তার সাক্ষী। সেবার আলাদা লড়ে নীতীশের দলকে ধাক্কা দিয়েছিলেন তিনি। 
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এনডিএ-র আর এক শরিক তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি। চিরাগকে কটাক্ষের সুরে তিনি বলেছেন, বিহারে এমন একটি সরকারকে সমর্থন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। বর্তমান সরকার অপরাধ ও অপরাধীদের সঙ্গে কোনওরকম আপস করে না। অপরাধের জাল ভেদ করে দুষ্কৃতীদের জেলে পাঠানোর ব্যবস্থা করে। এটি অত্যন্ত গর্বের যে, বিহারে এনডিএ-র নেতৃত্বে সুশাসনের সরকার চলছে।
ফলে এনডিএ-র অন্দরে বিভাজন আরও প্রকট হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। চিরাগের পরবর্তী পদক্ষেপ নিয়ে ছড়িয়েছে জল্পনা। এব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া জানা যায়নি। বিরোধী শিবিরের  দাবি, চিরাগকে সামনে রেখে নীতীশকে চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি।-ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ