Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বর্ষ, উদযাপনে চীনা শিল্পী-শিক্ষাবিদরা

ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫  বর্ষ, উদযাপনে চীনা শিল্পী-শিক্ষাবিদরা
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করতে চলেছে কলকাতার চাইনিজ কনস্যুলেট। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের চীনযাত্রার শতবর্ষ পূর্ণ হয়েছে এবারই। এই দুই বিশেষ দিন উদযাপনের অংশ হিসেবে বিশ্বভারতীতে দু’দিনব্যাপী সেমিনারের আয়োজন করতে চলেছে চাইনিজ কনস্যুলেট।

Advertisement

জনা কুড়ি শিল্পী-শিক্ষাবিদ চীন থেকে এসে বিশ্বভারতীতে আলোচনায় অংশ নেবেন। এর পাশাপাশি অংশ নেবেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়সহ দেশেরও কয়েকটি নামী প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। চীন-জাপান যুদ্ধের সময় ভারত কীভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল এই বিষয়ের উপর চীনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আলোচনা করবেন। এছাড়া গ্রামবাংলা ও রবীন্দ্রনাথের চিন্তাসহ একাধিক বিষয়ে আলোচনা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর চীনযাত্রা করেন ১৯২৪ সালে। এই উপলক্ষ্যে একবছর ধরেই নানা কর্মসূচি নিয়েছে চীন কনস্যুলেট। বিশ্বভারতীর অনুষ্ঠানের মাধ্যমেই সমাপ্ত হবে ওই বর্ষব্যাপী কর্মসূচির।
১ ও ২ এপ্রিল বিশ্বভারতীতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এখানেই নৃত্য পরিবেশন করতে আসবেন চীনের বিখ্যাত ভারতনাট্যম শিল্পী জিন শান ও তাঁর কন্যা জেসিকা উ। জিন চীনের বেজিং শহরে ভারতনাট্যম শেখান। কলকাতার চীনা কনসাল জেনারেল সু উয়ে বলেন, দিনকয়েক আগেই আমি কলকাতায় অসাধারণ একটি উত্সব কাটালাম। দোল আসলে রং, ভালোবাসা ও এক থাকার উদযাপন। এবছর ভারত ও চীন যৌথভাবে কিছু অনুষ্ঠান করবে। আমরা খুবই খুশি যে ভারত-চীন-সম্পর্কের বসন্ত আসতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ