নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চার বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বছর চোদ্দোর কিশোরকে আটক করল পুলিস। বল খেলতে গিয়ে রাগারাগির জেরেই খুদেকে খুন করেছে বলে পুলিসের কাছে শিকার করেছে কিশোর। বৃহস্পতিবার খুনের ঘটনাটি ঘটেছিল হাওড়ার ডোমজুড়ে। শুক্রবার অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে হোমে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডোমজুড়ের দাসপাড়ার বছর চারেকের শেখ আয়ুষ নিখোঁজ হয়ে যায়। দুপুরে ঝোপ থেকে হাত বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিস। শিশুটির মুখে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। জানা যায়, এক কিশোরের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল খুদেকে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিসের কাছে ভেঙে পড়ে কিশোর। অপরাধের কথা স্বীকার করে। পুলিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা ওই কিশোর কয়েক মাস আগে দাসপাড়ায় মামার বাড়িতে সেলাইয়ের কাজ শিখতে এসেছিল। মৃত শিশুর বাড়ি থেকে কিছুটা দূরেই থাকত সে। গত কয়েকদিন ধরেই বল খেলা নিয়ে শিশুটির সঙ্গে ঝগড়া চলছিল তার।
বৃহস্পতিবার সকালে অভিযুক্ত নাবালক খাঁচায় ধরা পড়া একটি ইঁদুর ফেলতে জঙ্গলের দিকে যাচ্ছিল। তখনই শিশুটি কৌতূহলবশত তার পিছু নেয়। সেখানে বল খেলা নিয়ে ফের দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের বশে আচমকা ইঁদুরের খাঁচা দিয়ে শিশুর মাথায় সজোরে আঘাত করে অভিযুক্ত। জ্ঞান হারায় শিশুটি। এরপর ভয় পেয়ে শিশুটির পরনের জামা খুলে সেটি দিয়েই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে সে। হাত বেঁধে তাকে ঝোপের কাছে ফেলে রেখে পাড়ায় ফিরে আসে অভিযুক্ত কিশোর। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, খুনের কথা শিকার করেছে নাবালক। অভিযুক্তকে হোমে পাঠানোর পাশাপাশি শিশুর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে
দেওয়া হয়েছে।