Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল রাস্তায় বাইক পিছলে পড়ে মৃত্যু শিশুর, জখম মা

আত্মীয়ের বিয়েতে আর যাওয়া হল না ছোট্ট ইয়াসিনের। বাবা-মায়ের সঙ্গে বাইকে চেপে যাওয়ার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

বেহাল রাস্তায় বাইক পিছলে পড়ে মৃত্যু শিশুর, জখম মা
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: আত্মীয়ের বিয়েতে আর যাওয়া হল না ছোট্ট ইয়াসিনের। বাবা-মায়ের সঙ্গে বাইকে চেপে যাওয়ার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালের এই ঘটনায় সাগরদিঘির কাবিলপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত শিশুটির বাড়ি লালগোলা থানার ভবানীপুরে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন মৃত শিশুটির মা ও বাবা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করে। এদিকে দুর্ঘটনায় শিশুর মৃত্যুর পরেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। প্রায় ঘণ্টাখানেক মূল রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা সংস্কার ও মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি তোলেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিস। পুলিস মানুষের সঙ্গে কথা বলে। পুলিসি আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। 

Advertisement

সাগরদিঘি থানার পুলিস জানিয়েছে, চলন্ত বাইক থেকে শিশু সহ দম্পতি রাস্তায় পড়ে যান। তখন তাদের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। শিশুটির মৃত্যু হয়েছে। তার মায়ের চিকিৎসা চলছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে এদিন দুপুরে, লালগোলার ওই দম্পতি তাঁদের শিশুসন্তানকে নিয়ে বাইকে সাগরদিঘির গোপালপুরে যাচ্ছিলেন। কাবিলপুর পঞ্চায়েতের কাশিয়াডাঙায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেখানেই বাইকটি পিছলে গেলে শিশু সহ দম্পতি পড়ে যান। তখন বালিয়ার দিক থেকে চিপস বোঝাই একটি ট্রাক্টর আসছিল, সেটির চাকা তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনায় তাঁদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মা নিলুফা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটির বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী লাল্টু শেখ বলেন, কাবিলপুরের রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। বৃষ্টিতে তা চলাচলের আরও অযোগ্য হয়ে পড়েছে। ট্রাক্টর বা বাইক চালকের খুব একটা দোষ নেই, রাস্তা খারাপের কারণেই বাইকটি পিছলে পড়ে যায়। রাস্তার জন্যই একটা শিশুর প্রাণ ঝরে গেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ